অক্টোবরে টেস্ট অভিষেক হতে পারে উপেক্ষিত অভিমন্যুর

অবশেষে অভিমন্যু ঈশ্বরনের টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে! ওভাল টেস্টের পর অভিমন্যুর বাবা রঙ্গনাথন এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন তার ও ছেলের হতাশার কথা। বলেছিলেন অন্তত একটা টেস্টে কী অভিমন্যু সুযোগ পেত না? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সূত্র অনুযায়ী আগামি অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজে়র বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে অভিমন্যুর টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের কর্তা জানাচ্ছেন, এর অন্যতম কারণ, ৩৩ বছর বয়সি করুণ নায়ার সদ্যসমাপ্ত ইংল্যনাড সফরে চারটি টেস্টে খেললেও দাগ কাটতে পারেননি। ওভালে একটা হাফ সেঞ্চুরি থাকলেও অফস্টাম্পের বাইরে তাঁর টেকনিকে দুর্বলতা বারবার প্রকট হয়েছে। তাই করুণ নায়ারের পক্ষে ফের জাতীয় দলে ফেরা কঠিন। ৩৩ বছরের নায়ারের এটাই ছিল শেষ সুযোগ। তবে এখন হতাশা নয়, অভিমন্যুর নজর আবার দলীপ ট্রফির প্রস্তুতিতে। ১০৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৮৪১ রান অভিমন্যুর, গড় ৪৮.৭০। সেঞ্চুরি ২৭টি, সর্বোচ্চ ২৩৩। ইংল্যান্ড সফরে স্কোয়াডে থাকা সত্ত্বেও যে তিনজন ক্রিকেটারের প্রথম এগারোয় থাকা হয়নি, তাঁরা হলেন ঈশ্বরন, কুলদীপ যাদব ও অর্শদীপ সিং। এঁদের তিনজনকেই ওয়েস্ট ইন্ডিজে়র বিরুদ্ধে সিরিজে় দেখা যাবে। এই সিরিজে পায়ের চোটের জন্য থাকা কঠিন ঋষভের। ইংল্যান্ড সিরিজে় ১৮৫.১ ওভার বল করা মহম্মদ সিরাজকে পুরো বিশ্রাম দেওয়ার কথা। সেপ্টেম্বরের এশিয়া কাপেও শুবমান, সিরাজদের বিশ্রাম পাওয়ার কথা।
ব্যর্থ অভিমন্যু, নায়ারের সেঞ্চুরিতে রানের পাহাড়ে ভারত

ভারতীয় এ দল: ৩ উইকেটে ৩৯৩ বিদেশের মাঠেও ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতা ধরে রেখেছেন করুন নায়ার। রনজি ট্রফি, বিজয় হাজারেতে মোট ৯টি সেঞ্চুরি করে ভারতীয় দলে ঢোকার বন্ধ দরজা তিনি ভেঙ্গে ফেলে আবার প্রমান করলেন আট বছর তাঁর নাম ভুলে গিয়ে নির্বাচকরা অন্যায় করেছেন। কোনও দল নির্বাচনে নায়ারের নাম আলোচনায় আসেনি। এবার ইংল্যান্ড সিরিজের আগে সবাই নিশ্চিত ছিলেন, তাঁকে দলের বাইরে রাখা কারোরই সম্ভব হবে না। ভারতীয় এ দলের পাশাপাশি গিলদের সঙ্গেও খেলার টিকিট তিনি পেয়ে গেলেন। আর ক্যান্টারবারিতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্টে সেঞ্চুরি করে নায়ার বুঝিয়ে দিলেন, ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ফ্লুকে আসেনি। তবে নায়ার একা নন, তাঁর সঙ্গে দাপট দেখিয়েছেন সরফরাজ খান, ধ্রুব জুরেলও। সরফরাজ একটুর জন্য সেঞ্চুরি পেলেন না। নায়ারের মতো সরফরাজকে সিনিয়র দলে নেওয়ার ব্যাপারে অনেকেই মুখ খুলেছিলেন। কিন্তু ১৮ জনের দলে তাঁর জায়গা হয়নি। দল নির্বাচনের পর প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর বলেছিলেন, মাঠের বাইরে বসে থেকে ছিটকে যাওয়ার কি ব্যাখ্যা থাকতে পারে। সরফরাজের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, এবার ওর কাজ সামনে বন্ধ হয়ে থাকা দরজা ভেঙ্গে ঢুকতে হবে। এঁদের পাশাপাশি ব্যর্থ অধিনায়ক অভিমন্যু ইশ্বরন (৮), যশস্বী জয়সওয়ল (২৪)। ইংল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে শুরুতে সফল হলেও পরে বোলাররা হারিয়ে যান। ৬ ওভারের মধ্যে দুই ওপেনার ফিরে যাওয়ার পর নায়ারের সঙ্গে জুটি বাঁধেন সরফরাজ। এই জায়গা থেকে ইংল্যান্ড লায়ন্সের বোলাররা কিছু করতে পারেননি। তারা ক্রমশ ব্যাকফুটে চলে যান। তৃতীয় উইকেট জুটিতে ওঠে ১৮১ রান। সরফরাজ ১১৯ বলে ৯২ রান করে আউট হন। ২৩২ রানে তৃতীয় উইকেটের পতনের পর ইংল্যান্ড বোলাররা আর কিছু করতে পারেননি। এই লেখা পাটানোর আগে পর্যন্ত ভারতীয় এ দল করেছে ৩ উইকেটে ৩৯২ রন। নায়ার ব্যাট করছেন ১৮১ রানে। ২৩৩ বলে ২৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে তিনি এই রান করেছেন। জুরেল ব্যাট করছেন ৭২ রানে। চতুর্থ উইকেটে এখনও পর্যন্ত যোগ হয়েছে ১৬১ রান।