সেলিব্রেশনের গাইড লাইন তৈরি করতে ১৪ জুন মিটিংয়ে বসছে বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিল

বেঙ্গালুরু কাণ্ডের পর সেলিব্রেশন নিয়ে নতুন গাইড লাইন তৈরি করতে আলোচনায় বসছে বিসিসিআিই অ্যাপেক্স কাউন্সিল। আগামি ১৪ জুন মিটিংয়ে বসছে কাউন্সিল। সেখানেই ঠিক করে দেওয়া হবে ভবিষ্যতে কীভাবে হতে পারে সেলিব্রেশন। কী কী করা যাবে না, সেসবই ঠিক করে নেওয়া হবে। তবে আরসিবির শাস্তি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। অভিশপ্ত ৪ জুন। ১৮ বছরে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আরসিবির সেলিব্রেশনে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। তারপরই নড়েচড়ে বসে বিসিসিআিই। তখনই ঘোষণা করা হয়েছিল ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সেলিব্রেশন নিয়ে গাইড লাইন তৈরি করে দেওয়া হবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, ভারতীয় ক্রিকেটের ভালোমন্দ দেখার দায়িত্ব তাদের, তাই তারা চুপ করে বসে থাকতে পারে না। কিছু একটা করা হবে। এবার সেই পদক্ষেপই নিতে চলেছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। বিসিসিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, “ভবিষ্যতে এমন ঘটনা কীভাবে এড়ানো যায়, আমরা সেসব নিয়েই আলোচনা করব। এবং কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেটা নিয়ে আলোচনা হবে। সেলিব্রেশন নিয়ে গাইড লাইন তৈরি করে দেওয়া হবে। তবে আমরা আরসিবিকে নির্বাসিত করা বা তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি না। আমরা গঠনাত্মক ও ইতিবাচকভাবেই আলোচনা করব, এবং দেখবো কী কী পদক্ষেপ নেওয়া যায়। বিসিসিআইকে না জানিয়েই ওইভাবে সেলিব্রেশন করেছিল আরসিবি। আরসিবির সেলিব্রেশন নিয়ে বিসিসিআইয়ের কিছু করার ছিল না।“ তবে এটিই প্রধান অ্যাজেন্ডা হলেও মিটিংয়ে আরও অনেক ব্যাপারেই আলোচনা করবে অ্যাপেক্স কাউন্সিল।
আরসিবি ট্র্যাজেডির নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করলেন কেএসসিএ সচিব ও কোষাধ্যক্ষ

বেঙ্গালুরু ট্র্যাজেডির পর একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেঙ্গালুরু পুলিশ কমিশনার ও অন্যান্য পদস্থ পুলিশ অফিসারদের সাসপেন্ড করার পর গ্রেফতার করা হয়েছে চারজনকে। তার মধ্যে রয়েছে আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালো। এমনকা বিরাট কোহলির বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন অনেকেই। এবার পদত্যাগ করলেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এ শঙ্কর ও কোষাধ্যক্ষ ইএস জয়রাম।মর্মান্তিক ঘটনার নৈতিক দায় স্বীকার করেই পদত্যাগ করলেন তাঁরা। একটি বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, “দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমাদের ভূমিকা যদিও খুব নগণ্য ছিল, কিন্তু ঘটনার নৈতিক দায় স্বীকার করে আমরা পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি। আমরা সচিব ও কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছি। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।” এদিকে ভবিষ্যতে কোনও সেলিব্রেশনের ব্যাপারে নতুন নির্দেশিকা জারি করতে চলেছে বিসিসিআই। সচিব দেবজিত সইকিয়া জানান, “আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। কিছু একটা করতেই হবে। যদিও এটা আরসিবির নিজস্ব ব্যাপার, কিন্তু ভারতীয় ক্রিকেটের যে কোনও ব্যাপারে আমরা দায়বদ্ধ। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য আমরা চেষ্টা করব।” ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর আগেই জানিয়েছেন, রোড শোর প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। রোড শো হওয়া উচিত নয়। বৃহস্পতিবার আরসিবির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এমন মর্মান্তক ঘটনায় আরসিবি পরিবার যন্তণাবিদ্ধ। তবু আরসিবি ম্যানেজমেন্ট বিতর্কমুক্ত হতে পারছে না।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সাসপেন্ড, গ্রেফতার হতে পারেন আরসিবি কর্তারা

বুধবারের বেঙ্গালুরু ট্র্যাজেডির পর বৃহস্পতিবার এফআইআর করা হল আরসিবি ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরু পুলিশ কমিশনার ও বেশ কয়েকজন পদস্থ পুলিশ কর্তাকে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাংবাদিক সম্মেলন করে জানান, পুলিশ কমিশনার ডি দয়ানন্দ ও অন্যান্য পুলিশ কর্তাদের সাসপেন্ড করা হয়েছে। এবং আরসিবি কর্তা, ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তা ও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কিশন গঠনের পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। এদিকে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের পদত্যাগ দাবি করা হয়েছে। এর জবাবে নোংরা রাজনীতি করার অভিযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সব পক্ষের বিরুদ্ধে এফআইআরে বিভিন্ন ধারায় অভিযোগ জানানো হয়েছে। যা পরিস্থিতি তাতে গ্রেফতার হতে পারেন আরসিবি কর্তারা। সব মিলিয়ে মর্মান্তিক ঘটনার পর তোলপাড় বেঙ্গালুরু।
রোড শো পছন্দ করেন না, বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে কড়া মন্তব্য গৌতম গম্ভীরের

বেঙ্গালুরুতে আরসিবি ট্র্যাজেডি নিয়ে বেশ কড়া মন্তব্য করলেন গৌতম গম্ভীর। তিনি জানিয়ে দিলেন রোড শো তিনি কোনও দিনই পছন্দ করেন না। বলেন, রোড শো হওয়া উচিত নয়। ২০০৭-এ টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরও একই কথা বলেছিলাম। ভবিষ্যতে আমাদের স্টেডিয়ামের মধ্যেই সেলিব্রেশন করা উচিত। মৃতদের পরিবারের জন্য গভীর সমবেদনা। তিনি হয়ত কারো নাম করেননি, সরাসরি কাউকে অভিযুক্ত করেননি, তবে বুঝিয়ে দিয়েছেন আরসিবি ম্যানেজমেন্টের আরও ভালভাবে পরিকল্পনা করা উচিত ছিল। আরও সতর্ক হওয়া উচিত ছিল। জানান, ১১টা জীবনের মূল্য অনেক বড়। ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে আসন্ন সিরিজ নিয়ে সব প্রশ্নের উত্তর দিলেন তিনি। জসপ্রীত বুমরা ইস্যুতে স্পষ্টই জানিয়ে দেন, বুমরা কতগুলি টেস্টে খেলবেন সেটা তাঁর সঙ্গে আলোচনা করেই ঠিক করবেন। সিরিজ কীভাবে এগোচ্ছে তার ওপর অনেকটা নির্ভর করছে। বুমরাও সিরিজের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল, জানান জাতীয় দলের কোচ। পাশাপাশি গম্ভীর বলেন, বুমরার মত বোলারের ফাঁক ভরাট করা কঠিন তবে দলে অনেক প্রতিভা আছে। সাংবাদিক সম্মেলনে স্বাভাবিকভাবে উঠে আসে শ্রেয়স আইয়ারের বাদ পড়ার প্রসঙ্গ। গম্ভীর বলেন, যদি কেউ ভাল ফর্মে থাকে, পারফর্ম করে তাহলে যে কেউ ডাক পেতে পারে। আমরা শুধু ১৮ জনকে বেছেছি। তবে বিশ্বাস করি সকলের জন্য দরজা খোলা। আগামি ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টর সিরিজ শুরু হবে।