আইএসএল নয়, সাহিলের উচিত আই লিগে খেলা, বলছেন নৌশাদ মুসা

সুদীপ পাকড়াশী: অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলে বাংলার একমাত্র প্রতিনিধি ইউনাইটেড স্পোর্টসের স্ট্রাইকার সাহিল হরিজন। মালয়েশিয়ায় জাতীয় দলের এক্সপোজার সফরে প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন জাতীয় কোচ নৌশাদ মুসার। বুধবার এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের প্রথম ম্যাচে বাহরিনের বিরুদ্ধেও দ্বিতীয়ার্ধে নেমেছিলেন। বৃহস্পতিবার দোহা থেকে ফোনে প্যারালাল স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় সাহিল সম্পর্কে মুসার বিশ্লেষণ, “প্রতিভাবান ফুটবলার। গতি আছে, টেকনিকও ভাল। মালয়েশিয়ায় আমাদের এক্সপোজার সফরে প্রথম ম্যাচে সাহিলের খেলায় আমি মুগ্ধ। শুধু প্রয়োজন শারীরিক শক্তি বাড়ানো আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা।” তবে একইসঙ্গে মুসা বলছেন সাহিলের এবার উচিত আই লিগের দলে খেলা, আইএসএল ক্লাব নয়। “এখনই আইএসএল দলে সই করলে ও খেলার সুযোগ পাবে না। রিজার্ভ বেঞ্চে বসে থেকে ওর খেলাটা নষ্ট হয়ে যাবে। তাই সাহিলের উচিত আই লিগের দল থেকে ডাক পেলে চলে যাওয়া। কলকাতা প্রিমিয়ার লিগে খেললে ওর খেলার ধার বাড়বে না। আই লিগে খেললে কঠিন প্রতিদ্বন্দ্বী ডিফেন্ডার পাবে, ম্যাচিওরিটি আসবে,” বলছেন নৌশাদ মুসা। সাহিলের অন্যতম অভিভাবক, ইউনাইটেড স্পোর্টসের ডিরেক্টর নবাব ভট্টাচার্যও মুসার সঙ্গে একমত যে সাহিলের ফুটবল জীবনে এবার উত্তোরণের সময় এসেছে। নবাব বললেন, “আমারও মনে হয় সাহিলের এবার আই লিগ দলে খেলা উচিত। সেই প্রস্তাব আছেও। এমনকী, আইএসএলের দলও ওর ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। সাহিল নিজে আইএসএলে খেলতে চায়। কিন্তু আই লিগে খেললে ও ম্যাচ খেলার বেশি সুযোগ পাবে। পরিস্থিতি বুঝে উদ্যোগ নেব।”