সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না ফেডারেশনের(AIFF)। একদিকে আইএসএল হওয়া নিয়ে যেমন দিশাহীন অবস্থা। অন্যদিকে এবার ফেডারেশনের(AIFF) প্রতিনিধিত্বের নিয়মে নতুন সংবিধান মানতে নারাজ রাজ্য ফুটবল সংস্থা গুলো। ৩৩টি রাজ্য সংস্থার মধ্যে ২০টি রাজ্য সংস্থাই ফেডারেশনের এই নতুন সংবিধানের প্রতিনিধি বিষয়ক নতুন নিয়ম না মানার কথা সাফ জানিয়ে দিয়েছে। আর তাতেই বিশেষ সাধারণ সভা আহ্বান করতে বাধ্য হয়েছে ভারতীয় ফুটবল সংস্থা।
সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশ অনুযায়ী ১৫ অক্টোবর থেকে তিন সপ্তাহ পেয়েছিল ফেডারেশন, নতুন সংবিধান কার্যকর করার জন্য। সেখানেই প্রতিটি রাজ্য সংস্থার তরফ থেকে সম্মতি পেলে তবেই বার্ষিক সাধারণ সভায় নতুন সংবিধান পাশের সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু রাজ্য সংস্থাগুলো এবার বেঁকে বসায় বেশ বেকায়দায় ফেডারেশনের কর্তারা।
এই নতুন সংবিধান অনুযায়ী স্বার্থ সংঘাত এড়াতে নতুন নিয়ম আনা হয়েছে। সেখানে প্রতিনিধিত্বের ক্ষেত্রে বলা হয়েছে যে একসঙ্গে দুই জায়গায় প্রতিনিধিত্ব করা যাবে না। অর্থাৎ ফেডারেশনের কার্যকরি কমিটিতে কোনও ব্যক্তি থাকলে তিনি রাজ্য সংস্থার কোনওরকম দায়িত্বে থাকতে পারবেন না। আর তাতেই দেখা দিয়েছে জট। ৩৩টির মধ্যে ২০টি রাজ্য সংস্থাই এই নিয়ম মানতে চাইছে না। তারা সেই কথা ইতিমধ্যে ফে়ডারেশনকে জানিয়েও দিয়েছে।
এমন পরিস্থিতিতে আগামী ২৪ নভেম্বর একটি বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। সেখানেই নতুন সংবিধান ও তার নিয়ম কার্যকরী করার জন্য নির্বাচন করা হবে। এরপরই হয়ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত।







