‘মোহনবাগানের ধারাবাহিকতাই আমাকে এখানে খেলতে নিয়ে এল’, বললেন অভিষেক সিং

শারীরিক সক্ষমতার পরীক্ষায় পাস করার পর বৃহস্পতিবার সকালে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বহু আলোচিত ডিফেন্ডার টেকসাম অভিষেক সিং। বিকেলে দলের প্রাক মরশুম অনুশীলনে নেমেও পড়েছেন তিনি। মোহনবাগান ফুটবলাররা সল্টলেক নিউটাউনে সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে ট্রেনিং করছেন। দলের চিফ কোচ হোসে মোলিনার কলকাতায় পৌঁছনোর কথা ২ অগস্ট। তাই সহকারী কোচ বাস্তব রায়ের পর্যবেক্ষণে লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, বিশাল কাইথদের সঙ্গে মাঠে নেমেছেন অভিষেক। তার আগে সকালে অভিষেক বলেছেন, “আমার কাছে দেশের অনেক নামী ক্লাবে খেলার প্রস্তাব এসেছিল। কিন্তু সব প্রস্তাব দূরে সরিয়ে রেখে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়ার কারণ হল এই ক্লাবকে দেশের এক নম্বর বলে আমি মনে করি। মোহনবাগানে খেললেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া যায়। ট্রফি পাওয়া যায়। স্বপ্ন ছোঁয়া যায়। সবুজ-মেরুন জার্সির ট্রফি জয়ের ধারাবাহিকতা আমাকে এখানে টেনে এনেছে। এই ক্লাব দল গড়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমারও ইচ্ছে এই ক্লাবের জার্সি পরে ট্রফি জেতা। তিনি আরও বলেছেন, “পাঞ্জাবের জার্সিতে আই লিগ ট্রফি জিতেছি। কিন্তু দেশের সেরা প্রতিযোগিতা আইএসএল লিগ বা শিল্ড কখনও জিতিনি। আশা করি মোহনবাগান জার্সিতে সেই স্বপ্ন পূরণ করতে পারব। দেশের অনেক তারকা ফুটবলার এখানে খেলে। ওদের সঙ্গে খেললে বা অনুশীলন করলে আমি উপকৃত হব। ওদের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই এখন আমার লক্ষ্য। ভারতীয় দলের হয়ে খেললেও এএফসি চ্যাম্পিয়নশিপে কখনও খেলিনি। সেই স্বপ্নও পূরণ করতে চাই।”
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনেরও বিশ্বাস মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন!

লিওনেল মেসির ২০২৬-এর বিশ্বকাপে খেলা নিয়ে জল্পনার শেষ নেই। বিশ্ব জুড়ে সংবাদমাধ্যমে লেখালেখিরও শেষ নেই। এই বিষয়ে নতুন খবর, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও বিশ্বাস করছে লিওনেল মেসি আগামি বছর বিশ্বকাপে খেলবেন, মাঠে নামবেন জাতীয় দলের অধিনায়ক হয়েই। জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসার লিয়ানড্রো পিটারসেন নিশ্চিত করেছেন, আগামী বছর ফিফা বিশ্বকাপে খেলবেন মেসি। তার ফর্ম এখনও ঈর্ষণীয়। এই মরশুমের মেজর লিগ সকারেই টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছেন। পিটারসেন বলেছেন, “মেসি শারীরিকভাবে দারুণ অবস্থায় রয়েছে। ওর এই মরশুমটা খুব ভালো কেটেছে। আশা করি, ওর অধিনায়কত্বেই বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা। আমার দৃঢ় বিশ্বাস, টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলারও হবে মেসি।” মেসি মেজর লিগ সকারের শেষ সাত ম্যাচের ছ’টিতে জোড়া গোল করে নজির গড়েছেন। ২৯টি ম্যাচে ২৪টি গোল করেছেন। ৮টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। জানা গিয়েছে, আগামী বিশ্বকাপে তাঁকে দলে রেখেই ছক সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে, আর্জেন্টিনার সংবাদমাধ্যম এরকম খবরও লিখেছে সম্প্রতি যে, বিশ্বকাপের প্রস্তুতি নিতে মেসি আবার ইউরোপের ক্লাবে ফিরতে পারেন! সম্প্রতি তার প্রাক্তন সতীর্থ, বর্তমানে ইটালির সেরি-আ ক্লাব কোমোতে খেলা সেস্ক ফ্যাব্রেগাসের বাড়িতে দেখা গিয়েছিল মেসিকে। তারপরই মেসির ইউরোপে ফেরার গন্ধ পেতে শুরু করে আর্জেন্টিনার সংবাদমাধ্যম! কিন্তু ঘটনা হল আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। তাই বিশ্বকাপের আগে কি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি সহজে ছাড়তে চাইবে মেসিকে? কারণ তাঁকে দিয়ে বিশ্বকাপের প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে মেজর লিগ সকার কর্তৃপক্ষের। যদিও এসবের মাঝে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসারের কথায় মুখে হাসি ফুটবে মেসি সমর্থকদের। তাঁরা তাঁদের স্বপ্নের নায়ককে বিশ্বকাপের মঞ্চে ফের একবার দেখার জন্য উন্মুখ।
৬ সপ্তাহ মাঠের বাইরে ঋষভ; ডাকা হতে পারে ইশান কিষাণকে

ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। বুধবার ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন পায়ে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই জানা গেল, পন্থের পায়ের পাতা ভেঙেছে। ৬ সপ্তাহের জন্য তিনি মাঠে নামতে পারবেন না। বিসিসিআই-এর একটি সূত্র জানাচ্ছে, ওভালে পঞ্চম টেস্টের আগে পন্থের পরিবর্ত হিসেবে উইকেট-কিপার ইশান কিশানকে ডাকা হতে পারে। উল্লেখ্য, ম্যাঞ্চেস্টারে ব্যাট করার সময়েই বিশ্রীভাবে চোট পান ভারতীয় দলের সহঅধিনায়ক। পায়ে হেঁটে মাঠ ছাড়তে পর্যন্ত পারেননি তিনি। বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক কিছু চিকিৎসা চলে। শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে। বিসিসিআই জানিয়েছে, বুধবার রাতেই স্ক্যান করা হয়েছে ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটারের। কিন্তু বৃহস্পতিবার স্ক্যানের রিপোর্ট আসতেই জানা যায়, পন্থের ডান পায়ের পাতার হাড় ভেঙেছে। আপাতত ছয় সপ্তাহ তিনি মাঠে নামতে পারবেন না।
দেশের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে বিশ্বকাপের ফাইনালে ১৯ বছরের দিব্যা

মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে উঠে ইতিহাস তৈরি করলেন দিব্যা দেশমুখ। ১৯ বছরের দিব্যা সেমিফাইলানে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চিনের তান ঝংজিকে হারিয়ে দেন। ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসাবে বিশ্বকাপের ফাইনালে উঠে নজির তৈরি করলেন ১৯ বছরের দিব্যা। বিশ্বের চার নম্বর ঝংজিকে হারিয়ে তাক লাগিয়ে দেন দিব্যা। এটাই তাঁর কেরিয়ারের সেরা জয়। বুধবার সেমিফাইনালে দ্বিতীয় লেগে দিব্যা সাদা ঘুটি নিয়ে কিস্তিমাত করেন। মঙ্গলবার প্রথম পর্বের সেমিফাইলান ড্র হয়েছিল। কালো ঘুটি নিয়ে খেলেছিলেন দিব্যা। সব মিলিয়ে তিনি জিতলেন ১.৫-০.৫ পয়েন্টে। আলাপিন সিসিলিয়ান ডিফেন্স স্ট্রাটেজি প্রয়োগ করে বুধবার জেতেন দিব্যা। উত্তজনাপূর্ণ ম্যাচে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যে কেউ জিততে পারতেন। মাঠা ঠান্ডা রেখে শেষ পর্যন্ত জেতেন দিব্যা। গোটা প্রতিযোগিতাতেই দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দাবাড়ু। চতুর্থ রাউন্ডে তিনি হারান দ্বিতীয় বাছাই চিনের ঝু জিনারকে। এর পর কোয়ার্টার ফাইনালে তিনি হারান ভারতের দ্রনোভালি হারিকাকে। সেই ম্যাচ টাই ব্রেকারে গড়ায়। ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছেন আর এক ভারতীয় কেনেরু হাম্পি। তিনি সেমিফাইনালে মুখোমুখি শীর্ষ বাছাই চিনের লি তিংজির। হাম্পি যদি ফাইনালে ওঠেন, তা হলে ঐতিহ্যশালী ক্যানডিডেট প্রতিযোগিতায় দু’জন ভারতীয় খেলার সুযোগ পাবেন।
এবার ইউরোপে শুরু টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ; আয়োজকদের একজন অভিষেক বচ্চন!

আইপিএলকে অনুসরণ করে বিভিন্ন দেশে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি থেকে মার্কিন মুলুকের মেজর লিগ ক্রিকেট। আবার ফর্ম্যাট বদলে দশ ওভার বা একশো বলের লিগও চালু হয়েছে অনেক দেশে। যেমন সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি টি-১০ বা ইংল্যান্ডের দ্য হান্ড্রেড। এবার চালু হতে চলেছে ইউরোপের প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ। ২০২৬-এ শুরু হবে ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। আয়োজক স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। আইসিসি-র অনুমোদনও ইতিমধ্যে পেয়ে গিয়েছে আয়োজকরা। এই লিগের অন্যতম আকর্ষণীয় তথ্য, অন্যতম অংশীদারের নাম অভিষেক বচ্চন। আইএসএলে চেন্নাইয়িন এফসি, প্রো কবাডি লিগে জয়পুর পিঙ্ক প্যান্থার্স- এই দলগুলোর মালিকানায় রয়েছেন বলিউডের এই অভিনেতা। আর ইটিপিএলে তিনি লিগের অংশীদার হয়ে আয়োজকদের একজন! অভিষেক মনে করছেন, এই লিগের হাত ধরেই বদলে যাবে ইউরোপীয় ক্রিকেটের চালচিত্র। ইটিপিএল প্রসঙ্গে তাঁর বক্তব্য, “ইউরোপের বাজার পেশাদার টি-টোয়েন্টি লিগের জন্য তৈরি হয়েই রয়েছে। তাই আমরা এখানে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া যে তিনটে দেশে ইটিপিএল হবে, সেই স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর নেদারল্যান্ডসে ক্রিকেট অপরিচিত নয়। তিনটে দেশই বিভিন্ন সময়ে একাধিক ফরম্যাটে বিশ্বকাপ খেলেছে।” ২০২৮ লস অ্যাঞ্চেলেস অলিম্পিকে যোগ হয়েছে ক্রিকেট। ১২৮ বছর ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ দেখা যাবে ব্যাট-বলের লড়াই। ফলে ইউরোপে টি-টোয়েন্টি লিগ চালুর জন্য এটাই সেরা সময় বলে মন করছেন অভিষেক। তাঁর কথা, “আগামী অলিম্পিকে ক্রিকেট যোগ হয়েছে। ফলে আমরা মনে করছি, এটাই ইটিপিএল চালুর সঠিক সময়। এই তিন দেশে নিজস্ব পেশাদার টি-টোয়েন্টি লিগ থাকা প্রয়োজন। কারণ আইসিসি-র সদস্য দেশগুলির অধিকাংশেরই এমন লিগ রয়েছে। আর এমন লিগ দেশের ক্রিকেট মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। নতুন প্লেয়ার উঠে আসে এই লিগে খেলে। সেটা অলিম্পিকে খেলার সময় সাহায্য করবে।”