৮ বলে ৫ উইকেট! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ভারতীয় বংশোদ্ভূতের

ভারতীয় বংশোদ্ভূত হলেও ভারতের হয়ে খেলেন না তিনি। খেলেন ফিনল্যান্ডের হয়ে। ক্রিকেটে এই অনামী দেশের হয়েই বিশ্বরেকর্ড গড়েছেন মহেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নিয়েছেন তিনি। মাত্র ৮ বলে এই কীর্তি করেছেন মহেশ। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নিয়েছিলেন বাহরিনের জুনেইদ আজিজ। ২০২২ সালে জার্মানির বিরুদ্ধে ১০ বলে সেই কীর্তি করেছিলেন তিনি। তার আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান। এস্তোনিয়ায় টি-টোয়েন্টি সিরিজ় খেলতে গিয়েছে ফিনল্যান্ড। সেখানেই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়েছেন মহেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৪১ রানে শেষ হয় এস্তোনিয়ার ইনিংস। একটা সময় ১ উইকেটে ৭২ রান করেছিল তারা। সেখান থেকে এস্তোনিয়ার ইনিংসে ধস নামান ডানহাতি মিডিয়াম পেসার মহেশ। স্পেলের প্রথম ৮ বলে তিনি আউট করেন স্টেফান গুচ, সাহিল চৌহান, মহম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে। ২ ওভারের স্পেলে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। তাঁর দাপটেই ভাল জায়গা থেকে ১৪১ রানে শেষ হয়ে যায় এস্তোনিয়া। পরে অরবিন্দ মোহনের ব্যাটে ভর করে ৫ উইকেটে ম্যাচ জেতে ফিনল্যান্ড।
অংশুলের বদলে আবার আকাশদীপ! ওভালে কুলদীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা

ওভালে পঞ্চম এবং শেষ টেস্টে ভারতের প্রথম একাদশে আবার কয়েকটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা। ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র হওয়ায়, সিরিজে এখনও ভারত ১-২ ফলে পিছিয়ে। তাই মরণ-বাঁচনের শেষ টেস্টে ভারতের থিঙ্ক-ট্যাঙ্ক প্রথম একাদশে আবার বদল আনতে চাইছে। পিটিআই-এর একটি রিপোর্ট জানাচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে দুর্বল পারফরম্যান্স করা পেসার অংশুল কাম্বোজকে বাদ দিয়ে ফের ফিট হয়ে ওঠা আকাশ দীপকে দলে ফেরানো হতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং-ও হাতের চোট কাটিয়ে উঠেছেন এবং তিনিও সুযোগ পেতে পারেন। যদিও প্রধান কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন যে ওভালে শেষ টেস্টের আগে এই মুহূর্তে সব পেসারই সুস্থ। শুধু জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ খেলবেন কিনা তা নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন গম্ভীর। বুমরা জানিয়েছিলেন তিনি এই সিরিজে তিনটি টেস্ট খেলবেন, এবং তার তিনটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। তারপরও ওভালে তাকে দেখা যেতে পারে কারণ, ওভাল টেস্টই ভারতের কাছে সিরিজ-নির্ণায়ক। তাও যদি বুমরা ওভালে না খেলেন, সেক্ষেত্রে অর্শদীপের ফেরার সম্ভাবনা প্রবল। একইসঙ্গে, পিটিআই-এর রিপোর্টে কুলদীপ যাদবকে প্রথম একাদশে নেওয়ার দাবি আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে। কুলদীপ অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায় আসতে পারেন। প্রথম ইনিংসে শার্দুল ব্যাট হাতে ৪১ রান করলেও, পুরো টেস্টে ১১ ওভার বোলিং করে কোনো উইকেট পাননি। ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন,“আমরা কুলদীপকে দলে আনার চেষ্টা করছি, কিন্তু তার জন্য আমাদের টপ ছয় ব্যাটারদের কাছ থেকে আরও ধারাবাহিক রান দরকার, যাতে আমরা একজন অতিরিক্ত স্পিনার খেলাতে পারি। কুলদীপ বিশ্বমানের এবং এখন দারুণ বোলিং করছে। তাই আমরা তাকে জায়গা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।” যাই হোক ওভালে একটি পরিবর্তন নিশ্চিত। ধ্রুব জুরেল আসছেন ঋষভ পন্থের পরিবর্তে। পন্থ চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন এবং আগের ম্যাচে উইকেটকিপিং করা জুরেল এবার পুরোপুরি প্রথম একাদশে থাকবেন। তবে তিনি ঠিক কোন পজিশনে ব্যাট করবেন, সেটাই দেখার বিষয়। কারণ, ম্যাঞ্চেস্টারে রাবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর পাঁচ ও ছয়ে ব্যাট করে দারুণ পারফর্ম করেছেন।
মোহনবাগান দিবসে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, ২৯ জুলাই মোহনবাগান দিবস পালিত হয়। ঐতিহ্যের সঙ্গে মিশে যায় আবেগ। এবার হয়ত আবেগের মাত্রা একটু বেশি। কারণ, ‘মোহনবাগান রত্ন’ পুরষ্কার পাচ্ছেন ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস। মুখ্যমন্ত্রীর পত্রযোগে শুভেচ্ছা বার্তা সমর্থকদের কাছে মোহনবাগান দিবসের তাৎপর্য নিশ্চয়ই আরও বাড়িয়ে দিয়েছে। মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আজ ২৯ জুলাই। মোহনবাগান দিবস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করা হবে জেনে খুবই আনন্দিত। কেবল মোহনবাগানের ইতিহাসেই নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসেও দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯১১ সালের এই দিনেই মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ব্রিটিশ দলকে হারিয়ে ঐতিহ্যশালী আইএফএ শিল্ড জিতেছিল। যা খেলাধুলার ঊর্ধ্বে গিয়ে জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠে। এটি নিছকই কেবল জয় নয়, বরং এক অপরিসীম গৌরবের মুহূর্ত ছিল। যা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে দেশপ্রেমের উচ্ছ্বাস জাগিয়ে তুলেছিল।’ তিনি আরও লেখেন, ‘গর্বের এই মুহূর্তে আমি সমগ্র মোহনবাগান পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে আরও উচ্চতায় আসীন হবে।’ উল্লেখ্য, মঙ্গলবার দুপুর থেকে একে একে অনুষ্ঠান রয়েছেন মোহনবাগান ক্লাব তাঁবুতে। শুরুতে দুপুরে ক্লাবের অমর একাদশে মাল্যদান। তারপর ক্লাবের পতাকা উত্তোলন। সব শেষে ক্লাব মাঠে প্রাক্তন ফুটবলারদের ফুটবল ম্যাচ। যেখানে অংশ নেওয়ার জন্য প্রতি বছর প্রাক্তন ফুটবলাররা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বলতে গেলে মোহনবাগান ডে হচ্ছে, প্রাক্তন মোহনবাগান ফুটবলারদের ‘রি-ইউনিয়ন।’