আইএসএলের সমাধানের মিটিংয়ে ফেডারেশন প্রেসিডেন্টের মুখে ‘সুপার কাপের’ কথা!

এই মরশুমে আইএসএলের অনিশ্চয়তা কাটাতে ১৩টি ক্লাবের প্রতিনিধিকে নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বৃহস্পতিবার বৈঠক করলেন দিল্লিতে। কিন্তু আইএসএল শুরু নিয়ে অনিশ্চয়তার জট কাটাতে পারলেন না। ‘আইএসএল হবেই’ বলেও ফেডারেশন প্রেসিডেন্টের মুখে শোনা গেল সুপার কাপের কথা! ১৩টা আইএসএল ক্লাবের মধ্যে আটটা ক্লাবই আইএসএলের জন্য দলগঠনের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। এমনকী চুক্তিবদ্ধ ফুটবলারদের বেতনও তারা স্থগিত করে দিয়েছে। এই অবস্থায় ক্লাব প্রতিনিধিরা নির্দিষ্টভাবে একটা আশ্বাস চেয়েছিলেন। কিন্তু ফেডারেশন প্রেসিডেন্ট সেই আশ্বাস দিতে পারেননি। বরং সাংবাদিক বৈঠকে তার মন্তব্য, “আইএসএল হবেই। কিন্তু আপাতত আমরা ভেবেছি সুপার কাপকে মরশুমের প্রথম টুর্নামেন্ট হিসেবে আয়োজন করার। আজ, ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল, এই মরশুমে তারা কীভাবে এগোবে, পরিকল্পনা করবে। ৩১ অগস্ট প্রথম ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাচ্ছে। তারপর প্রাক-মরশুমের ট্রেনিংও শুরু করতে হবে। ফুটবল তো বন্ধ থাকবে না। জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ আছে। সব কিছু ভেবেই আমরা সুপার কাপ দিয়ে মরশুম শুরু করার পরিকল্পনা করছি।” ফেডারেশন প্রেসিডেন্টের এই আশ্বাসে চিড়ে যে ভিজেছে বলা কঠিন। কারণ, জানা গিয়েছে, ১৩টি ক্লাবের প্রতিনিধি বৈঠকে জানিয়ে দিয়েছেন সুপার কাপ তারা খেলবেন, কিন্তু আইএসএল নিয়ে নির্দিষ্টভাবে আশ্বাস পাওয়ার পরই। ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট এনএ হ্যারিসও আইএসএলের অনিশ্চয়তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলে দিয়েছেন, “সুপ্রিম কোর্টের হাতে সিদ্ধান্ত। আমরা দ্রুত সমাধান চাইলেও কিছু করার নেই আমাদের।” ফেডারেশন প্রেসিডেন্ট জানিয়েছেন আগামি ১০ দিনের মধ্যে আবার বৈঠক হবে সুপার কাপের ফর্ম্যাট ও সূচি নিয়ে।
দিগ্বেশ রাঠী একইরকম আছেন! এবার দিল্লি লিগে ব্যাটসম্যানের সঙ্গে ঝগড়া করে বিতর্কের কেন্দ্রে

আইপিএলে ‘নোটবুক’ সেলিব্রেশন করে দিগ্বেশ রাঠির শাস্তি পাওয়ার কথা ভারতীয় ক্রিকেট জানে। জরিমানা-সহ নির্বাসনও হয়েছিল রাঠীর। কিন্তু বছর গড়িয়ে গিয়েছে, মাঠে রাঠীর আচরণ এখনও অপরিবর্তিত! এবার দিল্লির টি-টোয়েন্টি লিগে বিপক্ষের ব্যাটারের সঙ্গে ঝগড়া করলেন। তারপর জোড়া ছক্কা হজম করলেন সেই ব্যাটারের হাতেই। সাউথ দিল্লি সুপারস্টার্জ়ের হয়ে খেলছেন দিগ্বেশ। তাদের খেলা ছিল ওয়েস্ট দিল্লি লায়ন্সের সঙ্গে। তখন ম্যাচের পঞ্চম ওভার চলছে। ওয়েস্ট দিল্লির অঙ্কিত কুমারকে বল করতে গিয়ে আচমকা থেমে যান দিগ্বেশ। পিছনে ফিরে আবার রান-আপ নিতে শুরু করেন। ব্যাটার বিরক্ত হলেও কিছু বলেননি। দিগ্বেশ পরের বলটা করার আগেই ব্যাটার সরে যান ক্রিজ় থেকে। আবারও আম্পায়ার সেই বল বাতিল করে দেন। এতেই রেগে যান দিগ্বেশ। অঙ্কিতের উদ্দেশে অশ্রাব্য ভাষায় কিছু কথা বলেন। আবার রান-আপে ফিরে যান। অঙ্কিত মুখে কিছু বলেননি। জবাব দেন ব্যাটে। দিগ্বেশের পরের ওভারের প্রথম দুটো বলেই ছক্কা মারেন। একটা লং-অন, একটা মিড-উইকেটের উপর দিয়ে। তার পর আঙুল দিয়ে একটা বিশেষ ইঙ্গিতও করেন। গত আইপিএলে পঞ্জাব ম্যাচে প্রিয়াংশ আর্যকে আউট করে তাঁর সামনে গিয়ে ‘নোটবুক’ সেলিব্রেশন করেন লখনউয়ের দিগ্বেশ। সেই ম্যাচে জরিমানা হয়। আবারও একটা ম্যাচে একই কাজ করে জরিমানা দেন। হায়দরাবাদ ম্যাচে অভিষেক শর্মাকে আউট করার পর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেছিলেন। সেই ম্যাচের পর তাঁকে নির্বাসিত করা হয়।
ভিসা পেয়েও এশিয়া কাপ হকিতে আসছে না পাকিস্তান

ভিসা পেয়েও এশিয়া কাপ হকিতে অংশ নিচ্ছে না পাকিস্তান। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর আবহে ভারতে দল পাঠাচ্ছে না পাক হকি সংস্থা। ২৭ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আয়োজক দেশ ভারত ছাড়াও এশিয়া কাপের ১২তম সংস্করণে অংশ নেওয়ার কথা জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের। আগামী বছর নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বসতে চলেছে বিশ্বকাপের আসর। তার আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব এই এশিয়া কাপ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে হকি ইন্ডিয়ার শীর্ষকর্তা জানিয়েছেন, ভারতে এশিয়া কাপের জন্য দল পাঠাতে নারাজ পাকিস্তান। পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে এশিয়া কাপের জন্য ভিসা দেওয়া নিয়ে প্রাথমিকভাবে দিধাগ্রস্ত ছিল ভারত সরকার। শেষ পর্যন্ত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিদেশমন্ত্রক। কিন্তু ভিসা পাওয়ার পর বেঁকে বেসেছে পাকিস্তানই। পাক হকি ফেডারেশনের তরফে হকি ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা ভারতে দল পাঠাতে পারছে না। তবে পাকিস্তান না থাকলেও এশিয়া কাপ হকি সাত দলেরই হচ্ছে। পাকিস্তানের বদলে ওই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলাদেশকে।
বিএফআই কর্তার বিরুদ্ধে ‘অসম্মান করার’ অভিযোগ লাভলিনা বরগোহাইয়ের

অলিম্পিক্সে পদকজয়ী ভারতের তারকা বক্সার লভলিনা বরগোহাই অভিযোগ তুললেন বক্সিং ফেডারেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অন্তর্বর্তী কমিটির সদস্য কর্নেল অরুণ মালিকের বিরুদ্ধে। অসম্মানজনক আচরণ এবং লিঙ্গবৈষম্যের অভিযোগ এনে দুই পাতার লিখিত অভিযোগ দায়ের করেছেন লাভলিনা। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএফআই কর্তা। ক্রীড়ামন্ত্রকের নির্দেশে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। একটি সর্বভারতীয় ইংরিজি দৈনিক সংবাদপত্রকে তার অভিযোগের কথা জানিয়েছেন লাভলিনা। প্রকাশিত সেই খবর অনুযায়ী, ৮ জুলাই টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম (TOPS) কর্তাদের সঙ্গে একটি অনলাইন মিটিংয়ে লাভলিনার সঙ্গে অসম্মানজনক ব্যবহার করা হয়। লিভারপুলে হতে চলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রস্তুত্তির জন্য এই মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। তাঁর অভিযোগপত্রে লাভলিনা লেখেন, ‘মিস্টার অরুণ মালিক আমাকে এমন অপমান করেছিলেন, অন্য কোনও ক্রীড়াবিদকে যেন সেটার মুখোমুখি না হতে হয়। উনি গলা চড়িয়ে কথা বলেছিলেন এবং আগ্রাসী ভাবে অপমানজনক মন্তব্যও করেন। এমনকী ওঁরা যা বলেছেন, সেটা মাথা পেতে মেনে নেওয়ার কথাও বলা হয় আমায়। এটা খুবই খারাপ লেগেছে আমার। আমি যেখানে পেশাদারিত্ব, সমর্থন এবং সম্মান আশা করেছিলাম, সেখানে আমাকে খুবই শক্তিহীন মনে করানো হয়েছে। এটা শুধু ব্যক্তিগত ভাবে অপমান করা নয়, ভারতের মহিলা অ্যাথলিটদের সম্মান এবং স্বপ্ন নিয়েও প্রশ্ন তুলেছে।’ প্রণামিকা বোরোকে তার ব্যক্তিগত কোচ হিসেবে নিয়োগ এবং ইউরোপে প্রশিক্ষণের অনুমতির জন্য অনুরধ করেছিলেন লাভলিনা। তবে TOPS-এর কর্তারা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই অরুণ মালিক সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, এমনটাই দাবি লাভলিনার। তবে কর্নেল মালিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘লভলিনা আমাদের দেশের গর্ব। আমি ভেবেচিন্তে এবং সম্মানের সঙ্গেই সমস্ত অভিযোগ অস্বীকার করছি। ওই মিটিংটা যথেষ্ট পেশাদার ছিল এবং SAI ও TOPS কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিটিংটি রেকর্ড করা হয়েছে এবং রিভিউর জন্য পাঠানো হয়েছে।’
বায়ার্ন ছেড়ে মুলারও যোগ দিলেন মেজর লিগ সকারে

বায়ার্ন মিউনিখের বিখ্যাত ফরওয়ার্ড থমাস মুলারও যোগ দিলেন মেজর লিগ সকারে। তিনি সই করলেন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে। আগামি মাসে মুলারের ৩৬ হবে। গত মরশুমের শেষে ৩৫ বছর বয়সী এই ফরওয়ার্ড ও অ্যাটাকিং-মিডফিল্ডার বায়ার্ন ছাড়ার সিদ্ধান্ত নেন। বলেছেন, “এই ক্লাবেও আমার প্রধান লক্ষ্য দলকে চ্যাম্পিয়ন করা। কোচ জেসপার সোরেনসন এবং ক্লাবের স্পোর্টিং ডিরেকটর অ্যালেক্স শুস্টারের সঙ্গে আলোচনা হয়েছে। আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি।” মুলার এখনও আর্ন্তজাতিক ট্রান্সফার সার্টিফিকেট আর ভিসা পাননি কানাডা যাওয়ার। বায়ার্নে মুলার খেলেছেন টানা ২৫ বছর! ১৩টি বুন্দেশলিগা খেতাবে দলকে সহায়তা করেছেন। তার সঙ্গে রয়েছে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জয়। পরিসংখ্যানও ঈর্ষণীয়। ফুটবল জীবনে ম্যাচ খেলেছেন ৭৫৬টি। গোল করেছেন ২৫০টি, অ্যাসিস্ট ২৩৮টি। দেশের জার্সিতে মুলারের ম্যাচ ১৩১টি, গোল করেছেন ৪৫টি। যার মধ্যে রয়েছে ২০১৪-র ব্রাজিল বিশ্বকাপ জয়। ভ্যাঙ্কুভার তাকে সই করিয়েছে ‘ডেসিগনেটেড’ প্লেয়ারের মর্যাদায়। মেজর লিগ সকারের ওয়েস্টার্ন কনফারেন্স লিগের টেবিলে দু’নম্বরে রয়েছে, সান দিয়েগোর পর।