পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জম্মু ও কাশ্মীরের ক্রিকেটারের!

ফরিদ হুসেন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার ক্রিকেটার। গত ২০ অগস্ট একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন তিনি । সিসিটিভি ফুটেজে গোটা ঘটনার ভিডিও ও দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে । ঘটনাটি ২০ অগাস্টের । সিসিটিভি ফুটেজ রীতিমতো ভাইরাল । কী হয়েছিল? হুসেন বাইক চালিয়ে আসছিলেন। এক ব্যক্তি আচমকাই তখন গাড়ির দরজা খুলে নামতে যান । ঠিক সেই সময়ই হুসেন পাশ দিয়ে যাচ্ছিলেন । গাড়ির খোলা দরজায় ক্রিকেটার হুসেন ধাক্কা খান । সঙ্গে সঙ্গে তিনি ছিটকে পড়েন । পথচারীরা তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন। কিন্তু ততক্ষণে হুসেন প্রাণ হারিয়েছেন। ফরিদ হুসেনের দুর্ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভারতীয় ক্রিকেটেও শোকের আবহ। জম্মু কাশ্মীরের রাজ্য ক্রিকেট সংস্থা এক কর্তা ফোনে জানালেন, ফরিদ রাজ্য দলের ক্রিকেটার ছিলেন না। কিন্তু পুঞ্চ জেলার হয়ে খেলে সম্প্রতি ক্রিকেট কোচদের নজর কাড়ছিলেন। বর্তমানে জম্মু কাশ্মীর ক্রিকেট দল বুচিবাবু টুর্নামেন্টে খেলছে। গত মরশুমে মুম্বই এবং বরোদাকে হারিয়ে রঞ্জি ট্রফির নক-আউট পর্বে পৌঁছে নতুন কীর্তি করেছিল দলটি।
বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে একশো গোল রোনাল্ডোর! কিন্তু ট্রফি দিতে পারলেন না আল নাসেরকে

বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে নজির গড়লেন। তবু খুশি হতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের পর কাঁদতে দেখা গেল তাঁকে। আল নাসেরের হয়ে আরও একটা ফাইনালে হারতে হল রোনাল্ডোকে। এখনও ক্লাবকে ট্রফি দিতে পারলেন না পর্তুগিজ় তারকা। শনিবার হংকং স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির মুখোমুখি হয়েছিল আল নাসের। সেই ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ থাকার পর পেনাল্টি শুটআউটে হেরেছে তারা। রোনাল্ডো টাইব্রেকারের সময় হাত দু’পাশে নিয়ে প্রার্থনাও করছিলেন। শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। এই নিয়ে আল নাসেরের হয়ে তিনটে ফাইনালে হারলেন তিনি। রোনাল্ডো অবশ্য প্রথমার্ধেই নজির গড়েন। আল নাসেরের হয়ে এ দিনই শততম গোল হয়ে গেল তাঁর। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে চারটে ক্লাবের হয়ে ১০০টা গোল করার নজির গড়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ এবং জুভেন্টাসের হয়ে ১০১টা গোল রয়েছে রোনাল্ডোর। পাশাপাশি দেশের হয়ে ১৩৮টা গোল রয়েছে। রোনাল্ডো টপকে গিয়েছেন ইসিদ্রো লাঙ্গারা, রোমারিয়ো এবং নেমারকে। এই তিন জনেরই তিনটে ক্লাবের হয়ে ১০০টা গোলের নজির রয়েছে।