কোর্টে ঢুকলেন ফটোগ্রাফার! যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডে হেরে র্যাকেট ভাঙলেন মেদভেদেভ

যত কাণ্ড যুক্তরাষ্ট্র ওপেনে! প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ২০২১-এর যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ। ফ্রান্সের বেঞ্জামিন বোঞ্জির কাছে ৩-৬, ৫-৭, ৭-৬ (৭-৫), ৬-০, ৪-৬ ব্যবধানে হারলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়। তখন চলছিল ম্যাচের তৃতীয় সেট। কামব্যাকের লড়াইয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে রাশিয়ান টেনিস তারকা। ওখানে ম্যাচ পয়েন্ট পেলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত। প্রথম সার্ভে ‘ফল্ট’ করার পর দ্বিতীয় সার্ভের প্রস্তুতি নিচ্ছিলেন বোঞ্জি। সেই সময় আচমকা কোর্টের মধ্যে ক্যামেরা নিয়ে ঢুকে পড়েন এক ফটোগ্রাফার। দ্রুত ম্যাচ থামিয়ে দেন আম্পায়ার। তিনি ফের বোঞ্জিকে প্রথম সার্ভ নিতে বলেন। তাতেই মেজাজ চড়ে যায় মেদভেদেভের। আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। রাশিয়ান টেনিস তারকার অভিযোগ, আম্পায়ার দ্রুত ম্যাচ শেষ করতে চান। এমনকী তাঁকে বলতে শোনা যায়, “উনি তাড়াতাড়ি বাড়ি যেতে চান। উনি ম্যাচ ধরে টাকা পান, ঘণ্টা ধরে পান না।” লুই আর্মস্ট্রং স্টেডিয়ামের দর্শকদেরও তিনি বলতে থাকেন প্রতিবাদ করার জন্য। এই গন্ডগোলের জেরে প্রায় ৬ মিনিট ম্যাচ বন্ধ থাকে। সেই সেটটা জিতলেও শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি মেদভেদেভ। ম্যাচ হারার পর নিজের ছ’টি র্যাকেট দর্শকদের দিকে ছুড়ে দেন মেদভেদেভ। আর যে র্যাকেটটা হাতে ছিল, সেটা বেঞ্চে সজোরে মেরে ভেঙে ফেলেন। এমনকী তাঁর নিজের হাতেও চোট লাগে। ফের সেটা বেঞ্চে মারার আগে তাঁকে থামিয়ে দেওয়া হয়। কোর্টের বাইরেও বের করে দেওয়া হয়। এমনিতে চলতি বছরে একেবারেই ছন্দে নেই মেদভেদেভ। চলতি বছরে এখনও মাত্র একটি ম্যাচ জিতেছেন রাশিয়ান টেনিস তারকা।
কাফা নেশনস কাপের ২৩ জনের দলে নেই কোনও বাঙালি ফুটবলার

আসন্ন কাফা নেশনস কাপের জন্য ২৩ জনের ভারতীয় দল ঘোষণা হল। ২৯ আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে এই টুর্নামেন্টে অভিযান শুরু করবে ভারত। প্রথমবার জাতীয় কোচ হয়ে ব্লু টাইগারদের ডাগ-আউটে বসবেন খালিদ জামিল। তার আগে তিনি যে ২৩ সদস্যের দল ঘোষণা করলেন, তাতে কোনও বাঙালি ফুটবলার নেই। প্রাথমিক স্কোয়াডে একমাত্র বাঙালি হিসাবে ছিলেন রহিম আলি ছিলেন। তিনিও বাদ পড়েছেন। দলে ডাক পাওয়া তিনজন গোলরক্ষকের মধ্যে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং এবং হৃতিক তিওয়ারি। দলে জায়গা পেয়েছেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলি। দলে ফিরেছেন সন্দেশ ঝিংগান। ডিফেন্ডার হিসাবে রয়েছেন রাহুল ভেকে, নওরেম রোশন সিং, ভালপুইয়া, মহম্মদ উভাইস। ফরওয়ার্ড হিসাবে দলে ফিরেছেন যেখানে জিথিন এমএস, ইরফান ইদওয়াদের মতো খেলোয়াড়রাও। দীর্ঘদিন পর ভারতীয় দলে মোহনবাগানের কোনও ফুটবলারকে দেখা যাবে না। এসিএল-২-এ খেলার জন্য জাতীয় শিবিরে কোনও ফুটবলারকে ছাড়েনি সবুজ-মেরুন। প্রাথমিক শিবিরে যে সাত মোহনবাগান ফুটবলার ডাক পেয়েছিলেন, তাঁরা হলেন – অনিরুধ থাপা, দীপক টাংরি, রালতে, মনবীর সিং, সাহল আবদুল সামাদ এবং বিশাল কাইথ। উজবেকিস্তান এবং তাজিকিস্তান যৌথভাবে ২০২৫ সালের কাফা নেশনস কাপের আয়োজন করছে। তাজিকিস্তান ম্যাচের পর ১ সেপ্টেম্বর ইরান এবং ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। দু’টি গ্রুপের প্রথম দু’টি দল প্লে-অফে যাবে। ইরান গতবারের চ্যাম্পিয়ন দল। যাদের বর্তমান র্যাঙ্কিং ২০। তাজিকিস্তানের র্যাঙ্কিং ১০৬। অন্যদিকে আফগানিস্তান (১৬১) র্যাঙ্কিংয়ে ভারতের (১৩৩) থেকে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে আফগানদের কাছেও হারতে হয়েছে। ফলে কাফা নেশনস কাপে শক্ত গ্রুপেই রয়েছে ভারত। অন্য গ্রুপে রয়েছে উজবেকিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, ওমান।
ইউএস ওপেনে নামছেন ৪৫ বছরের ভেনাসও!

ফ্লাশিং মিডোজ়ে ফের ভেনাস উইলিয়ামস। না, বিশেষজ্ঞ হিসেবে মাইক হাতে নয়। ভারতীয় সময় মঙ্গলবার ভোররাতে ৪৫ বছরের ভেনাস নামবেন ইউএস ওপেনে মেয়েদের সিঙ্গলসে। প্রতিপক্ষ গতবারের সেমিফাইনালিস্ট ক্যারোলিনা মুচোভা। এবারের যুক্তরাষ্ট্র ওপেনে ভেনাসের ২৫তম উপস্থিতি। সেটাও এক রেকর্ড! এই মুহূর্তে ভেনাসের বিশ্বর্যাঙ্কিং ৫৮০। তাতে কী হল? গত ৪৪ বছরে মহিলাদের বিশ্ব টেনিসের ইতিহাসে সবচেয়ে ‘বেশি বয়সের খেলোয়াড় ভেনাস উইলিয়ামস, যাকে যুক্তরাষ্ট্র ওপেনে ওয়াইল্ড কার্ডে খেলতে দেওয়া হচ্ছে। সেটাও তো এক কৃতিত্ব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভেনাসের সহাস্য জবাব, “টেনিস আমার ডিএনএ-তে রয়েছে। ৩০ বছর পরও যদি সুস্থ থাকি, ফিট থাকি, তখনও র্যাকেট হাতে নামব কোর্টে। যুক্তরাষ্ট্র ওপেনের উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে ওয়াইল্ড কার্ডে খেলতে দেওয়ার জন্য।” বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় আরও জানিয়েছেন, এবার ইউএস ওপেনে খেলার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত। “পুরোনো হয় না। স্মৃতি সততই সুখের। আমার উত্তেজনা বেড়ে গিয়েছে এই গ্র্যান্ড স্ল্যামে নামার সুযোগ পেয়ে,” বলেছেন ভেনাস।
কামব্যাকের লড়াই চলছে! ঘরোয়া ক্রিকেটে ফের নজরকাড়া ইনিংস পৃথ্বীর

মহারাষ্ট্রের জার্সিতে আবার নজরকাড়া পারফরর্ম্যান্স পৃথ্বী শ’য়ের। বুচি বাবু টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেঞ্চুরির পর এবার হাফসেঞ্চুরিও করলেন তিনি। তামিলনাড়ু প্রেসিডেন্ট একাদশ প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৮৪ রান করে। জবাবে মহারাষ্ট্রের ইনিংসকে ভালো জায়গায় নিয়ে যান পৃথ্বী। দ্বিতীয় দিনের শেষে ৫৭ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি। তৃতীয় দিনের প্রথম বলেই তিনরান নিয়ে হাফসেঞ্চুরি করেন। হর্ষল কেটের সঙ্গে ৯৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। শেষ পর্যন্ত ৯৬ বলে ৬৬ রান করে আউট হন পৃথ্বী। তবে তার ব্যাটিংয়ে আগের মত আগ্রাসন দেখা যাচ্ছে, আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। সোজা ব্যাটে অফ সাইডে তার ড্রাইভগুলো মনে পড়িয়ে দিচ্ছে পৃথ্বীরই কেরিয়ারের শুরুর খেলাকে। চেন্নাইয়ে বুচিবাবু টুর্নামেন্টে মহারাষ্ট্রের হয়ে প্রথম ম্যাচেই ছত্তিশগড়ের বিরুদ্ধে ১১১ রান করেছিলেন পৃথ্বী। ১৪টি চারের পাশাপাশি একটি সেঞ্চুরিও এসেছে তাঁর ব্যাট থেকে। চেহারা দেখেও মনে হয়েছিল, ফিটনেস নিয়ে যথেষ্ট খাটছেন। গত বছরের অক্টোবরে মুম্বইয়ের রনজি দল থেকে বাদ পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ ছিল। নতুন মরশুমে দলবদল করে চলে আসেন মহারাষ্ট্রে। একসময় যাঁরা পৃথ্বীর সতীর্থ ছিলেন, তাঁদের অনেকেই সুপ্রতিষ্ঠিত। পৃথ্বী কি কামব্যাক করতে পারবেন?