আরসিবি-র নতুন ঘোষণা, পদপিষ্টের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা করা হচ্ছে

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উবের সময় পদপিষ্ট হয়ে মারা যাওয়া ১১ জনের প্রত্যেকটি পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল ফ্র্যাঞ্চাইজি। গত ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ট্রফি জয়ের উৎসব করে আরসিবি। কিন্তু স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে। ১১ জনের মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে এতদিন চুপ ছিল আরসিবি। প্রায় তিন মাস পর গত বৃহস্পতিবার তারা প্রথম মুখ খোলে। তার দু’দিন পর আর্থিক সহায়তার কথা ঘোষণা করে বিরাট কোহলির দল লিখেছে, ‘‘৪ জুন, ২০২৫ তারিখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। আমরা আরসিবি পরিবারের এগারো জন সদস্যকে হারিয়েছি। তাঁরা আমাদেরই অংশ ছিলেন। এঁরাই আমাদের শহর, আমাদের সম্প্রদায় এবং আমাদের দলকে অনন্য করে তোলেন। এঁদের না-থাকাটা আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিধ্বনিত হবে। এঁদের শূন্যস্থান কোনও কিছু দিয়ে ভরাট করা সম্ভব নয়। তবু প্রথম পদক্ষেপ হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে আরসিবি এঁদের পরিবারকে ২৫ লক্ষ টাকা দিচ্ছে।’’ এর আগে গত বৃহস্পতিবার ‘আরসিবি কেয়ারস’ নামে একটি উদ্যোগের সূচনা করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লিখেছিল, ‘‘এই নীরবতা অনুপস্থিতি নয়, শোকের জন্য ছিল। এই অ্যাকাউন্ট এক সময়ে আনন্দ, স্মৃতিতে এবং মুহূর্তে পরিপূর্ণ ছিল যা আপনারা সকলে উপভোগ করতেন। কিন্তু ৪ জুন সব বদলে দিয়েছে। ওই দিনটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। এই নীরবতা ছিল নিজেদের সামলে নেওয়ার।’ ‘এই নীরবতার মধ্যে আমরা শোকপালন করেছি, শুনেছি, বুঝেছি। ধীরে ধীরে আমরা এমন কিছু গড়ে তুলেছি যা শুধু একটা প্রতিক্রিয়া নয়, যাকে আমরা সত্যিই বিশ্বাস করি। এ ভাবেই ‘আরসিবি কেয়ার্স’ জীবন পেয়েছে। সমর্থন সম্মান জানাতে এই প্রয়াস খুব দরকার ছিল। একটা মঞ্চ যা থাকবে শুধু আমাদের সমর্থকদের জন্য। আজ আমরা আবার ফিরলাম। উচ্ছ্বাস নয়, যত্ন নিয়ে। আপনাদের সঙ্গে ভাগ করে নিতে, পাশে দাঁড়াতে, একসঙ্গে এগিয়ে যেতে।”
ডাকাতির অভিযোগে আইসিসি’র প্রতিযোগিতা চলাকালীন গ্রেপ্তার বিশ্বকাপ খেলা ক্রিকেটার!

আইসিসি’র প্রতিযোগিতা চলাকালীন এক ক্রিকেটারের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ। আর যার জেরে গ্রেপ্তার হতে হল তাঁকে। অভিযোগ উঠেছে পাপুয়া নিউ গিনির জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার কিপলিন ডোরিগার বিরুদ্ধে। ঘটনাটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের। পাপুয়া নিউ গিনির ম্যাচ ছিল জার্সির বিরুদ্ধে। খেলার আগে ডোরিগার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার জার্সির সেন্ট হেলিয়ারে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিলিফ ম্যাজিস্ট্রেট রেবেকা মর্লি-কার্ক মামলাটি নিম্ন আদালতে তোলেন। ২৭ আগস্ট ডোরিগাকে জার্সির কোর্টে তোলা হয়। জিজ্ঞাসাবাদের পর অভিযোগ স্বীকারও করেন ডোরিগা। প্রথমে মামলাটি রয়্যাল কোর্টে পাঠানো হয়েছিল। ফলে জামিন মঞ্জুর হয়নি ওই ক্রিকেটারের। ২৮ নভেম্বর পর্যন্ত ডোরিগাকে হেফাজতে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ২৯ বছর বয়সি এই ক্রিকেটার ২০২১ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। ৩৯টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজারেরও বেশি রান রয়েছে তাঁর। চলতি চ্যালেঞ্জ লিগে ডেনমার্কের বিরুদ্ধে ৮৪ বলে ৬৮ রানের দারুণ ইনিংস খেলেছিলেন। তবে, কুয়েতের বিরুদ্ধে ১২-র বেশি করতে পারেননি। তবে, দু’টি ম্যাচেই হেরে গিয়েছিল তাঁর দল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে ৯টি ম্যাচে ৪টিতে জিতেছে পাপুয়া নিউ গিনি।