কেরল লিগে অখ্যাত নিজারের ১২ বলে ১১ ছক্কা!

কেরল ক্রিকেট লিগে সলমন নিজারে ব্যাটিং রোশনাই। করলেন নতুন কীর্তি। ইনিংসের শেষ ওভারে ছ’টি ছক্কা মারেন নিজার। ছ’বলে ছটি ছক্কা মারার কীর্তিতে অনেকের নাম। যেমন যুবরাজ সিং, রবি শাস্ত্রী, ও হার্শে গিবস। কিন্তু নিজারের কীর্তি ওদের ছাপিয়ে গেল। শনিবার ত্রিবান্দ্রম রয়্যালসের বিরুদ্ধে কালিকট গ্লোবস্টার্সের হয়ে নিজার মারলেন ১২ বলে ১১টা ছয়! ২৮ বছরের বাঁ-হাতি ব্যাটসম্যান ২৬ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর স্ট্রাইক রেট ৩৩০.৭৬। ১২টা ছয়ে সাজানো তাঁর ইনিংসে ২০ বলে ৫০ রান করেন নিজার। ছ’নম্বরে ব্যাট করেন নিজার। গত বছর মাঝ মরশুমে সিএসকে তাঁকে ডেকেছিল। শনিবারের বিধ্বংসী ইনিংসের পরে অনেকেই মনে করছেন ২০২৬-এর আইপিএলে তাঁকে সিএসকে সই করাতে পারে। একটা সময় অবশ্য নিজার ধীর লয়ে ব্যাটিং করছিলেন। ১৩টি ডেলিভারিতে ১৭ রান করেন। পরের ১৩ বলে তিনি ৬৯ রান করেন। একসময়ে মনে হচ্ছিল কালিকটের ইনিংস শেষ হয়ে যাবে ১৩০ রানের মধ্য়েই। কিন্তু সেই কালিকট থামল গিয়ে ১৮৬ রানে। এর আগে কেরল ক্রিকেট লিগে সঞ্জু স্যামসন ঝড় তুলেছেন।
ভারতীয় দলের মেন্টর হবেন ধোনি? প্রস্তাবের ভাবনা বোর্ডের

নতুন দায়িত্ব পেতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি। আগামী বছর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ধোনিকে বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁকে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কি গম্ভীরের উপর ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড? ‘ক্রিকব্লগার’ এক রিপোর্টে জানিয়েছে, ধোনিকে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডের এক আধিকারিক বলেন, “ধোনিকে আরও এক বার মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড মনে করছে, ওর মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধোনি দলের সম্পদ হতে পারে।” এই খবর সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি একা গম্ভীরের উপর ভরসা রাখছে না বোর্ড। ছোট ফরম্যাটে গম্ভীর সফল। চলতি বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি। তা হলে কেন ধোনিকে মেন্টরের প্রস্তাব দেওয়া হয়েছে? হতে পারে, রোহিত শর্মা, বিরাট কোহলি না থাকায় ক্রিকেটারদের মাথার উপর ধোনির মতো কাউকে রাখতে চাইছে বোর্ড। কোনও সমস্যা হলে যাতে ক্রিকেটারেরা ধোনির কাছে যেতে পারেন, পরামর্শ নিতে পারেন, সেই ব্যবস্থা করতে চাইছে বিসিসিআই। ধোনি এর আগেও ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে মেন্টর করা হয়েছিল। সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। রবি শাস্ত্রী ছিলেন দলের প্রধান কোচ। কিন্তু সে বার সাফল্য পাননি ধোনি। বিশ্বকাপের নক আউটে উঠতে পারেনি ভারত। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল। বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়েন ধোনি। এ বার আবার ধোনিকে প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, অবশ্যই গম্ভীর। দু’জন একই সময়ে ভারতীয় দলে খেলেছেন। ধোনিকে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের এক দিনের বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন গম্ভীর। কিন্তু তাঁদের পরিকল্পনা মেলে না। আগেও অনেক বার ধোনির সমালোচনা শোনা গিয়েছে গম্ভীরের মুখে। এই অবস্থায় দু’জনে এক দলে থাকলে হিতে বিপরীত হতে পারে। সে কথা ভেবে ধোনি বোর্ডের প্রস্তাব না-ও মানতে পারেন।