চোটে কাফা নেশনস কাপ থেকে ছিটকে গেলেন সন্দেশ

কাফা নেশনস কাপে এখনও একটি ম্যাচ বাকি ভারতের। বৃহস্পতিবার মোকাবিলা আফগানিস্তানের সঙ্গে। তার আগে বড় ধাক্কা খেল খালিদ জামিলের দল। নেশনস কাপ থেকে ছিটকে গেলেন ভারত অধিনায়ক সন্দেশ জিঙ্ঘান। বুধবারই তিনি দেশে ফিরে আসছেন। সোমবার ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোয়ালে চোট পান সন্দেশ। চোট নিয়েই পুরো ম্যাচ খেলেন তিনি। ভারতীয় শিবির সূত্রে খবর, ম্যাচের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যানের পর দেখা গিয়েছে সন্দেশের চোয়াল ভেঙে গিয়েছে। কাফা নেশনস কাপে দুটো ম্যাচেই ধারাবাহিকতা দেখিয়েছেন সন্দেশ। তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গোল করেছেন। রক্ষণকে নেতৃত্ব দিয়েছেন। ইরানের বিরুদ্ধে ম্যাচ হারলেও দীর্ঘসময় পর্যন্ত রক্ষণ আগলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি ডিফেন্সে থাকলে হয়তো খালিদ আরেকটু আক্রমণাত্মক খেলার ঝুঁকি নিতে পারতেন। ফলে তাঁর না থাকাটা ভারতীয় কোচ খালিদ জামিলকে সমস্যায় ফেলল। সেক্ষেত্রে আনোয়ারের সঙ্গে রক্ষণে দেখা যেতে পারে রাহুল ভেকেকে। বিকল্প হিসেবে থাকবেন চিংলেনসানা সিং। এবার দেখার সন্দেশকে ছাড়া আফগানদের বিরুদ্ধে জিতে পরের রাউন্ডে ভারত যেতে পারে কি না?
অটোগ্রাফ দেওয়ার সময় সিনারের ব্যাগ খোলার চেষ্টা সমর্থকের!

যুক্তরাষ্ট্র ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছেন জ্যানিক সিনার। চতুর্থ রাউন্ডের ম্যাচ শেষ হয়ে গিয়েছে। সিনার তখন ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন, সুভেনির বিলোচ্ছেন। তখনই নিরাপত্তা রক্ষী দেখলেন এক ভক্ত সিনারের ব্যাগ খোলার চেষ্টা করছেন! সঙ্গে সঙ্গে সেই ভক্তকে সরালেন কোর্ট থেকে। সিনারও বুঝতে পেরে সমর্থকদের ভিড় থেকে সরে গিয়ে ব্যাগ নিয়ে দ্রুত লকার রুমের দিকে হাঁটতে শুরু করলেন। ব্যাগ থেকে নিশ্চয়ই কিছু খোয়া যায়নি। না হলে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে সিনার নিশ্চয়ই কিছু বলতেন। বরং সাংবাদিকদের উদ্দেশে তার বক্তব্য, “এই প্রথম এখানে রাতে ম্যাচ খেললাম। খেলাও এই কারণে আরও ভাল হয়েছে। উদ্যোক্তাদের ধন্যবাদ রাতে ম্যাচ দেওয়ার জন্য। সমর্থকদেরও ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য।” চতুর্থ রাউন্ডে বুবলিককে স্ট্রেট সেটে হারিয়েছেন জ্যানিক সিনার। এই টুর্নামেন্টে বুবলিক ছিলেন ২৩তম বাছাই। প্রথম তিনটি রাউন্ডে নিজের সার্ভিসে একটাও পয়েন্ট খোয়াননি। সিনারের সামনে তাকে অসহায় দেখাল। বুবলিকের সার্ভিস ভেঙেছেন আট বার। সিনারের ফোরহ্যান্ড টপস্পিনের কোনও জবাব বুবলিক দিতে পারেননি। ২০২৩ থেকে যুক্তরাষ্ট্র ওপেনে অপরাজিত হয়ে আছেন জ্যাক সিনার। এবার দেখা যাক তার সেই কীর্তি অক্ষুণ্ণ থাকে কি না।
সানডে লিগে খেলে এখন নিজেকে ফিট রাখার চেষ্টায় ক্লেটন সিলভা

ইস্টবেঙ্গলে মিগুয়েল ফেরেরা। মোহনবাগানে রবসন রবিনহো। কলকাতার দুই প্রধানে আবার ব্রাজিলিয়ান ফুটবলের ছোঁয়া। সদ্য কলকাতায় খেলে যাওয়া আর এক ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেটন সিলভা এখন তার দেশে। কিন্তু ইস্টবেঙ্গলের এই স্ট্রাইকার, মিডফিল্ডারের কাছে ক্লাবে যোগ দেওয়া নতুন ফুটবলারদের খবর আছে। তিনি কি করছেন এখন? কোনও ক্লাব কি তাকে ডাকল? একটি ওয়েবসাইটের সঙ্গে কথা বলা বলার সময় জানিয়েছেন তিনি এখন দেশে ‘সানডে লিগ’ খেলে নিজেকে ফিট রাখছেন। সানডে লিগ কি? একটি আমেচার লিগ। রবিবার বিভিন্ন ক্লাবের প্রাক্তন ফুটবলাররা সেই লিগে খেলেন। যেমন কলকাতায় খেলে যাওয়া আর এক প্রাক্তন ব্রাজিলিয় ফুটবলার ডগলাস সিলভাও খেলেন স্যান্টোস আর পালমেইরাসের হয়ে। সানডে লিগে খেললে রোজগার ভালই হয়। আর অপেক্ষা করছেন যদি আবার ভারতে কোনও ক্লাব তাকে ডাকে। ক্লেটনের গোলেই কার্লেস কুয়াদ্রাত জমানায় ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে। সেই তিনিই আবার অস্কার ব্রুজোঁর সময়ে চোট আঘাতে জর্জরিত হয়েছিলেন। গোল পাচ্ছিলেন না। শেষে কোচ অস্কারের সঙ্গে জড়িয়ে পড়লেন ঝামেলায়। সুপার কাপের আগেই ক্লাব থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তাঁর সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করা হচ্ছে। সুপার কাপে ক্লেটনহীন ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে ছিটকে যায়।