যুবভারতীর অ্যাস্ট্রো-টার্ফ স্টেডিয়ামের উদ্বোধন হতে পারে ৬ নভেম্বর; রাজগির পেল এএইচএফের অনুমোদন

বিহারের রাজগির স্পোর্টস অ্যাকাডেমির অ্যাস্ট্রো-টার্ফ এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) অনুমোদন পেল। নালন্দায় ৯০ একর জমির ওপর তৈরি রাজগির স্পোর্টস কমপ্লেক্সের অ্যাস্ট্রো-টার্ফে এখন হচ্ছে এশিয়ান কাপ। সেই উপলক্ষ্যে ওখানে উপস্থিত থাকা আর্ন্তজাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট তায়াব ইকরাম এই খবর জানিয়েছেন শুক্রবার। বাংলা থেকেও হকি বেঙ্গলের কর্মকর্তারা রাজগির যাচ্ছেন রবিবার। তাদের মূল উদ্দেশ্য এশিয়ান কাপে আসা বিদেশি দলগুলোর মধ্যে আসন্ন বেটন কাপের জন্য দল নির্বাচন করা। এবারের বেটন কাপ অনুষ্ঠিত হচ্ছে ৬ থেকে ১৬ নভেম্বর। দেশের সেরা ১২টি দলের মধ্যে ১০টি দল তাদের অংশগ্রহণ ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে। কর্তাদের ইচ্ছে দুটো বিদেশি দলকে আনা। বাজেট আকাশছোঁয়া হয়ে যাবে বলে স্পেন, জার্মানি, ইংল্যান্ডের মত হকি বিশ্বের প্রথম সারির দল হয়ত আনা সম্ভব হবে না। তাই কর্তারা চেষ্টা করবেন এশিয়া থেকে যদি বাজেটের মধ্যে দুটো ভাল দল আনা যায়। সেদিনই যুবভারতী ক্রীড়াঙ্গনে, ফুটবল স্টেডিয়ামের বাইরে তৈরি হওয়া হকির অ্যাস্ট্রো-টার্ফ স্টেডিয়ামের উদ্বোধন হওয়ার কথা। স্টেডিয়ামে শেষ মুহূর্তের কাজ চলছে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) অনুমোদন কলকাতার এই স্টেডিয়াম গতবছরই পেয়েছে। আগামি সপ্তাহে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে হকি বেঙ্গলের কর্তাদের আলোচনায় বসার কথা। উদ্বোধনের ব্যাপারে চুড়ান্ত পরিকল্পনা তৈরি করার কথা।
রিঙ্কু সিংদের লিগে গড়াপেটার ছায়া, কোটি টাকায় প্লেয়ার ‘কেনার’ প্রস্তাব! দায়ের এফআইআর

উত্তর প্রদেশ টি-২০ ক্রিকেট লিগে বড় রকমের গড়াপেটার অভিযোগ উঠল! কাশী রুদ্রাস দলের ম্যানেজার অরুণ চৌহানের বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে এফআইআর-ও করা হল। এই লিগে খেলেন রিঙ্কু সিং, পেসার শিবম মাভির মতো জাতীয় তারকারা। অরুণের অভিযোগ, গড়াপেটার জন্য এক কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। অরুণ চৌহানের দাবি, লখনউয়ের এক ব্যক্তি ইনস্টাগ্রামে ম্যাচ গড়াপেটা করার জন্য এক কোটি টাকা প্রস্তাব দেন। যাতে তিনি একজন প্লেয়ারকে ওই ‘বুকি’র কথামতো পারফর্ম করতে বলেন। সেই অনুযায়ী, ওই সন্দেহভাজন ব্যক্তি ম্যাচের রাশ নিয়ন্ত্রণ করতে চান। তার জন্য মার্কিন ডলারে অনলাইনে অর্থ পাঠানোর কথাও জানানো হয়। জানা যাচ্ছে, যার থেকে ওই ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হয়, তার ইনস্টাগ্রাম আইডি ভিপস নাকরানি। তিনি নিজেকে বেশ বড় ‘বুকি’ বলে দাবি করেন। ম্যাচ গড়াপেটা করিয়ে দিতে পারলে অরুণের জন্য লোভনীয় ৫০ লক্ষ টাকার প্রস্তাবও ছিল তাঁর কাছে। অরুণ দ্রুত বিষয়টি লিগ কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের দুর্নীতিদমন বিভাগকে জানান। তাঁর বক্তব্য, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কল বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখার কথা বলেছিল ওই বুকি। ইতিমধ্যে সুশান্ত গলফ সিটি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশও। দুর্নীতিবিরোধী শাখা তদন্ত শুরু করেছে। ভারতীয় ন্যায়সংহিতার জুয়া বিরোধী আইনের ৩ নম্বর বিভাগের বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে। ওই ব্যক্তির খোঁজে সাইবার বিভাগের সঙ্গেও যোগাযোগ রাখছে পুলিশ।
হিজাজি মাহেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারিভাবে জানাল ইস্টবেঙ্গল

হিজাজি মাহের যে ইস্টবেঙ্গলের জার্সি আর গায়ে চাপাবেন না সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। শুক্রবার সরকারিভাবে জর্ডনের ডিফেন্ডারকে বিদায় জানাল লাল-হলুদ শিবির। ক্লাবের তরফে সোশাল মিডিয়ায় হিজাজিকে ধন্যবাদ জানিয়ে গোল্ডেন হ্যান্ডশেকের খবর জানিয়ে দেওয়া হল। হিজাজি ২০২৩-এ ইস্টবেঙ্গলে সই করার পর প্রথম মরশুমে বেশ ভালোই খেলেন। বিশেষ করে ডুরান্ড কাপে তাঁর পারফরম্যান্স নজর কাড়ে। কিন্তু গত মরশুমে চোট আঘাতের জন্যই বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়। এই মরশুমে তাঁকে রাখা হবে না আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। শুক্রবার রাতের দিকে সরকারিভাবে তাঁর বিদায়ের বার্তা জানানো হয়। সোশাল মিডিয়ায় ইস্টবেঙ্গলের তরফে বলা হয়েছে, “আমরা হিজাজিকে আগামীর জন্য শুভেচ্ছা জানাই। ইস্টবেঙ্গলের জন্য যে নিষ্ঠা এবং একাগ্রতা দেখিয়েছ, সেসবের জন্য তোমাকে ধন্যবাদ।” ইস্টবেঙ্গলের হয়ে হিজাজি ৪২টি ম্যাচে খেলেছেন এবং ৪টি গোল করেছেন। এই সময়েই তিনি জর্ডন জাতীয় দলে ডাক পান। ব্যাকলাইনে তাঁর শক্তিশালী শারীরিক উপস্থিতি সত্ত্বেও, গত মরসুমে তার পারফর্মেন্স গুরুত্বপূর্ণ ম্যাচে সমালোচনার মুখে পড়ে। তাছাড়া গত মরশুমের শেষের দিকে চোটের কবলে পড়েন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে হাঁটুর চোটের জন্য তিনি ২০২৪-২৫ মরশুমে আর খেলতেই পারেননি। এখনও তিনি পুরোপুরি ফিট নন। নতুন মরশুমে আনফিট ফুটবলার নিয়ে নামতে চাননি কোচ অস্কার ব্রুজো। সম্প্রতি হিজাজি আল-ফয়সালি এসসিতে যোগদান করেছেন বলে জানা গিয়েছে।