ইউসুফের জোড়া গোলে যুবভারতীর রং লাল-হলুদ

প্রথম দর্শনেই ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলারদের মনে জায়গা করে নিলেন ইউসুফ এজ্জেজারি(Yussef Ezzejjari)। আইএসএলের অভিষেকেই জোড়া গোল। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইউসুফের দুরন্ত গোলে ভর করেই জয় দিয়ে যাত্রা শুরু করল লাল-হলুদ ব্রিগেড। যুবভারতীতে জ্বলল মশাল। বহু সুযোগ ইস্টবেঙ্গল(Eastbengal) হাতছাড়া করলেও, শেষপর্যন্ত তৃপ্তির হাসি ফুটল অস্কার ব্রুজোঁর মুখেই। নর্থইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। সেইসঙ্গে জোড়া গোল করে ম্যাচের সেরাও কিন্তু নতুন স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ(Yussef Ezzejjari)। প্রথম ম্যাচই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। কঠিন চ্যালেঞ্জ। সিঙ্গল স্ট্রাইকার ইউসুফের ওপর ভর করেই আক্রমণ সাজিয়েছিলেন লাল-হলুদ কোচ। সেইসঙ্গে বাড়তি দায়িত্ব ছিল মিগুয়েলের ওপর। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরের ওপর চাপ বাড়ানোর কৌশল লাল-হলুদ ব্রিগেডের। সুযোগও চলে এসেছিল। কিন্তু জালে বল জড়াচ্ছিল না। বারবার প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়লেও এদিন একাধিক সুযোগ হাতছাড়া করেন মিগুয়েল। ইউসুফও এক দুবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। বিরতির পরও প্রথম ১৫ মিনিট ইস্টবেঙ্গলের সুযোগ নষ্টের খেলা চলছিলই। অবশেষে চিত্রটা বদলালো ম্যাচের ৬৫ মিনিটের মাথায়। ইউসুফ এজ্জেজারির দুরন্ত হেড। প্রথম সাফল্য লাল-হলুদের। পাঁচ মিনিটের মধ্যে ফের একটা আক্রমণ। এবারও ইস্টবেঙ্গলের গোলদাতা সেই ইউসুফই। আর সেইসঙ্গে যুবভারতীর গ্যালারীও তখন লাল-হলুদ রঙে রাঙিয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল তখনও অবশ্য সুযোগ তৈরি করে চলেছ। ম্যাচের একেবারে শেষ মুহূ্র্তে অবশেষে মিগুয়েলের পা থেকে গোল এল। সেইসঙ্গে তিন গোলের বৃত্তও সম্পূর্ণ ইস্টবেঙ্গলের।
দিমিকে নিয়ে উচ্ছ্বসিত প্রসূন বন্দ্যোপাধ্যায়

আইএসএলের প্রথম ম্যাচে নেমেই সকলের মন জিতে নিয়েছেন দিমিক্রি পেত্রাতস। গোল হয়ত করেননি, কিন্তু গোলের নেপথ্য নায়ক তিনিই। দিমির এই পারফরম্যান্সের মুগ্ধ প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। নতুন কোচের হাত ধরে দিমির প্রত্যাবর্তন দেখে খুশি তিনি। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, দিমিত্রি সত্যিই খুব ভালো একজন ফুটবলার। গতবার কোচতকে ওকে সেভাবে ব্যবহারই করছিল না। ওকে তো অপমান করছিল। ওর খেলা নষ্ট করে দিচ্ছিল গতবারের কোচ। এবারের কোচ শুরু থেকেই দিমিত্রিকে ব্যবহার করছেন। গত ম্যাচে দিমিত্রি অসাধারণ পারফরম্যান্স করেছেন। তিনি তো একজন সত্যি কারের বল প্লেয়ার। জয় দিয়ে আইএসএলে যাত্রা শুরু করেছে মোহনবাগান সুপারজায়ান্ট। প্রথম ম্যাচেই তারা জিতেছে ২-০ গোলে। লোবেরার তত্ত্ববধানে প্রথম ম্যাচের ফলাফলে খুশি হলেও, মোহনবাগানের পারফরম্যান্স আরও ভালো করতে হবে বলেই মনে করছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তবে এই মোহনবাগানকে কিন্তু চ্যাম্পিয়নের দাবীদার হিসাবেও দেখছেন এই প্রাক্তন ফুটবলার। তাঁর মতে এই মোহনবাগান যদি নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে শুরু করে তাদের চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকানো খুবই মুশকিল।
পাকিস্তানের বিরুদ্ধে স্লেজিং না করার নির্দেশ ছিল সূর্যের

পাকিস্তানকে হারানোর জন্য স্লেজিংয়ের প্রয়োজন নয়, ভালো খেলেই চির প্রতিদ্বন্দ্বীদের হারাবো। মাঠে নামার আগে সেই কথাই সাফ সতীর্থদের জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে আদতে কোনওরকম কথাই বলতে চাননি ভারতীয় দলের অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পর সেই ভিডিও প্রকাশ হতেই কার্যত ভাইরাল। কলম্বোতে পাকিস্তানকে কার্যত খরকুটোর মতো উড়িয়ে দিয়েছে ভারত। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে ভারতের পরিসংখ্যান ৮-১। শেষ ম্যাচেও হেলাতেই পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিং থেকে বোলিং কোনও জায়গাতেই ভারতের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাকিস্তান বাহিনী। সেই ম্যাচে নামার আগেই দলের সতীর্থদের সূর্যকুমার যাদব কী কথা বলেছিলেন, তাই এবার প্রকাশ্যে এসেছে। পাকিস্তান ক্রিকেটারদের উদ্দেশ্যে কোনওরকম স্লেজিং যাতে না হয় তারই নির্দেশ দিয়েছিলেন ভারত অধিনায়ক। ভিডিওতে শোনাযাচ্ছে সূর্যকুমার যাদব তাঁর সতীর্থদের উদ্দেশ্যে বলছেন, রানিং বিটুইন দ্য ওভার আমাদের করে যেতেই হবে। সেইসঙ্গে আমারা কাউকে কিচ্ছু বলব না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা ভালো খেলা দেখিয়েই ম্যাচটা জিতে নেব। সেটাই করে দেখিয়েছে টিম ইন্ডিয়া। দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারত। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে ৬২ রানেও ম্যাচ জিতেছে ভারত।
অভিষেকের দ্রুত ফর্মে ফেরা নিয়ে আশাবাদী হরভজন

টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) অভিষেক শর্মার(Abhishek Sharma) শুরুটা একেবারেই ভালো হয়নি। আমেরিকার পর পাকিস্তানের বিরুদ্ধেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। অসুস্থতা কাটিয়ে এই পাকিস্তানের বিরুদ্ধেই ফিরেছিলেন অভিষেক। কিন্তু সেখানেও শূন্য হাতেই মাঠ ছাড়তে হয়ছিল এই তরুণ তারকা ক্রিকেটারকে। এমন পরিস্থিতিতেই অভিষেকের পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং(Harbhajan Singh)। অভিষেকের ওপর সহজেই ভরসা না হারানোর বার্তাই দিচ্ছেন ভাজ্জি। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেও ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন অভিষেক শর্মা। তাবড় তাবড় বোলারদের বিরুদ্ধে রানের ঝড় তুলেছিলেন অভিষেক। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত সেভাবে তাঁকে পাওয়া যাচ্ছে না। বরং যে দুটো ম্যাচ খেলেছেন, দুটোতে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছে ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারকে। এমন পরিস্থিতিতে অভিষেককে নিয়ে বিশেষ বার্তা দিচ্ছেন হরভজন সিং। তিনি জানিয়েছেন, অভিষেক শর্মা একজন অত্যন্ত শক্তিশালী ক্রিকেটার। তাঁকে কখনোই এমনভাবে হতাশ করে দেওয়া উচিৎ নয়। কয়েক মাস আগেই বহু বোলারকেই অভিষেকের সামনে ব্যর্থ হতে দেখা গিয়েছিল। আবারও সেই পুরনো ফর্মেই ফিরে আসবেন। তাঁর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। শেষ দুই ম্যাচ থেকে শিক্ষা নিয়েই তাঁকে এগিয়ে যেতে হবে। ভারত শেষ আটে জায়গা পাকা করে ফেললেও, এখনও অনেকটা পথ হাঁটতে হবে চ্যাম্পিয়ন হতে গেলে। সেখানেই অভিষেক শর্মা যে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। এই তরুণ ক্রিকেটার কতটা তাড়াতাড়ি ফর্মে ফেরেন সেটাই দেখার।