মনীষার গোলেও শেষরক্ষা হল না, ছিটকেই গেল ভারত

মনীষার গোলেও শেষরক্ষা হল না ভারতের। বহু সুযোগ নষ্ট। বেশীরভাগ সময় ম্যাচের দখল ভারতের নিজেদের হাতে রাখলেও শেষপর্যন্ত চাইনিস তাইপেয়ের কাছে ১-৩ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ(AFC Asian Cup) থেকে ছিটকে গেল ভারতীয় মহিলা দল(India Womens Team)। ম্যাচের পরই হাসপাতালে ভারতীয় দলের অধিনায়ক এবং গোলরক্ষক। যদিও গুরুতর কিছু নয়। কয়েকটি টেস্ট করার পরই অবশ্য তাদের ছেড়েও দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকার আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে জিততেই হত ভারতীয় মহিলা ফুটবল দলকে। যদিও ম্যাচের ১২ মিনিটের মধ্যেই সাঞ্জুর ভুল ব্যাকপাসের খেসারত দিতে হয় ভারতকে। কার্যত ফাঁকা গোলেই বল জড়ান ওয়াই এইচ সু। যদিও ৩৯ মিনিটে মনীষা ভারতকে সমতায় ফেরান। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে ওয়াই ওয়াই সুয়ের গোল। এগিয়ে যায় চাইনিজ তাইপেই। কিন্তু বিরতির পর আর ফিরতে পারেনি ভারত। যদিও এই অর্ধেও বহু সুযোগই পেয়েছিল ভারতীয় মহিলা বাহিনী। বরং ৭৭ মিনিটে ইউ চিন চেনের গোলে ভারতের কফিনে শেষ পেড়েকটি পুঁতে দেয়।
প্রথম ২০ ম্যাচের সূচী ঘোষণা বোর্ডের

আগামী ১৩ মার্চের মধ্যেই আইপিএলের(IPL) সূচী ঘোষণা করতে চলেছে বিসিসিআই(BCCI)। তবে একেবারে নয়, এবার ভাগ ভাগ করেই আইপিএলের সূচী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে। তেমনটাই জানিয়ে দিয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া(Devjit Saikia)। আপাতত প্রথম ২০টি ম্যাচের সূচী ঘোষণা করেই আরম্ভ হয়ে যাবে আইপিএল। টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। এবার আইপিএলের ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। হাতে সময়ও আর খুব একটা বেশি নেই। সেই কথা মাথায় রেখেই প্রথম ২০টি ম্যাচের সূচী আপাতত ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই তারিখও এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। এই কারণেই আপাতত ২০ ম্যাচের সূচী ঘোষণা করছে বিসিসিআই। এই প্রসঙ্গেই বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “আমরা আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আইপিএলের প্রথম ২০টি ম্যাচের সূচী ঘোষণা করব। বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার ওপরই নির্ভর করছে সমস্তটা। সেটা দেখেই পরবর্তী সূচী ঘোষণা করা হবে”। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ, কেরালা, অসম, এবং তামিলনাড়ুতে ভোট হতে পারে আইপিএল চলার মাঝেই। এরফলে বিভিন্ন রাজ্যে নিরাপত্তার বিষয়টা রয়েছে। সেই কথা মাথায় রেখেই আপাতত প্রথম পর্বের সূচী ঘোষণা হতে চলেছে।
বিশ্বজয়ীদের ১৩১ কোটি বিসিসিআই-এর

আহমেদাবাদে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। এরপরই ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বিরাট অঙ্কের পুরস্কার মূল্য ঘোষণা বিসিসিআইয়ের(BCCI)। বিশ্বকাপ জয়ের পর ১৩১ কোটি টাকা পাবে ভারতীয় দল(India Cricket Team)। আর তাতেই কার্যত হতবাক সকলে। গতবারের থেকে ৬ কোটি টাকা বেশি পাচ্ছে এবার ভারতীয় দলের ক্রিকেটাররা। গতবার রোহিত শর্মা(Rohit Sharma), বিরাট কোহলিরা(Virat Kohli) পেয়েছিলেন ১২৫ কোটি টাকা। গতবার রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। এই বছর ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপে নেমেছিল টিম ইন্ডিয়া। সেইজন্য তাদের নিয়ে প্রত্যাশার পারদটাও চড়তে শুরু করেছিল। শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে, প্রতি ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। সেইসঙ্গে ফাইনালের দিন আহমেদাবাদ স্টেডিয়ামে দীর্ঘদিনের শাপমোচনও ঘটালো ভারতের। ২০২৩ সালে এই আহমেদাবাদ স্টেডিয়ামেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। এরপর ফের একটা বিশ্বকাপের ফাইনাল। আবারও সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। আর সেইসঙ্গেই শুরু হয়েছিল জল্পনাটা। ফের একটা স্বপ্নভঙ্গ হবে না তো। না তেমন কিছু হয়নি। সূর্যকুমার(Suryakumar Yadav), সঞ্জু স্যামসন(Sanju Samson), ঈশান কিষাণ(Ishan Kishan) থেকে জসপ্রীত বুমরাদের চওড়া কাঁধে ভর করে ফের একটা টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। সেইসঙ্গে একাধিক রেকর্ডেরও মালিক সঞ্জু স্যামসনরা। এরপরই ভারতীয় ক্রিকেটারদের জন্য ভাড়ার উপচে দিল ভারতীয় ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। ১৩১ কোটি টাকা পাবেন গম্ভীর, সূর্যরা।