টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। আ্রর তাঁর এই সিদ্ধান্তে কেউ বিস্মিত, কেউ আবেগপ্রবণ। বিসিসিআই সচিব জয় শাহ থেকে সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, গৌতম গম্ভীর – সকলেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন। অন্যদিকে বিস্ময় প্রকাশ করেছেন মদনলাল, হরভজন সিংরা।
সচিন তেন্ডুলকর, কোহলির আইডল। কোহলির অবসরের সিদ্ধান্ত জানার পর মাস্টার ব্লাস্টার পোস্ট করেছেন, “আমার মনে পড়ছে ১২ বছর আগে আমার শেষ টেস্টে তুমি তোমার বাবার কাছ থেকে যে উপহার আমাকে দিয়েছিলে, সেটা কখনও ভুলব না। তোমাকে দেওয়ার মত তেমন উপহার আমার কাছে নেই, তবে তোমার জন্য আমার শুভেচ্ছা, শুভকামনা থাকবে চিরকাল।তোমার লেগাসি পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।“
ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর কোহলির সঙ্গে দিল্লি টিমে ও জাতীয় দলে খেলেছেন। কোহলির অবসরের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় গম্ভীর পোস্ট করেছেন, “সিংহহৃদয়! তোমাকে মিস করব চিকস।“ এতটাই আবেগে ভেসেছেন, কোহলিকে তাঁর ডাক নামে ডেকে বেশ অবাকই করেছেন ভারতীয় দলের কোচ।
রবি শাস্ত্রী তাঁর প্রিয় ক্রিকেটারের অবসরের মুহূর্তে লিখেছেন, “তুমি যা করেছো, তা বিশ্বাস করা যায় না। তুমি আধুনিক ক্রিকেটের দৈত্য। এবং টেস্ট ক্রিকেটের দুর্দান্ত অ্যাম্বাস্যাডর। সুখস্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। এগিয়ে যাও চ্যাম্পিয়ন“ বিসিসিআই সচিব জয় শাহ পোস্ট করেছেন, “দুর্দান্ত টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন বিরাট। টি টোয়েন্টির যুগেও টেস্ট ক্রিকেটের জন্য তুমি যা করেছো, তার জন্য ধন্যবাদ। অসাধারণ শৃঙ্খলা, ফিটনেস ও দায়বদ্ধতার উদাহরণ তুলে ধরেছো। হৃদয় দিয়ে আবেগের সঙ্গে খেলেছো টেস্ট ক্রিকেটটা।“
কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, তিনি কোহলির সঙ্গে কথা বলবেন, তবে এটা কোহলির নিজের সিদ্ধান্ত। তিনি মনে করেন সেরা ফর্মে থেকে অবসর নিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন কোহলি। আমাদের বেশিরভাগ ক্রিকেটার সঠিক সময়ে অবসর নিতে পারেন না, এটাও মনে করিয়ে দিয়েছেন কোহলির কোচ। তিনি আরও বলেন, “এটা কোহলির স্টাইল। বিরাটের অধিনায়কত্ব ওর লেগাসি।“
“তবে কোহলির সিদ্ধান্তে বেশ অবাক বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার। তাঁরা মনে করছেন একটু তাড়াহুড়ো করে ফেললেন কোহলি। যেমন ১৯৮৩-র বিশ্বজয়ী ক্রিকেটার মদনলাল জানিয়েছেন, ইংল্যান্ড সফর পর্য়ন্ত অপেক্ষা করতে পারতেন কোহলি। হরভজন সিং প্রশ্ন তুলেছেন, কেন হঠাৎ অবসর? খুবই অবাক ভাজ্জি। প্রায় একই সময়ে রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় শেষ হল একটা বর্ণময় যুগের।







