টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নেওয়ার পর নানা প্রশ্ন, নানা মত, নানা বিতর্ক উঠে আসছে। হঠাৎ করে কেন কোহলি এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়েও আলোচনা তুঙ্গে। প্রাক্তন ক্রিকেটাররা নিজের মত করে মতামত দিচ্ছেন। এরই মধ্যে বোর্ডের দিকে তির ছুঁড়লেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
চিকা বলেন, “বিরাট কোহলি হল টেস্ট ক্রিকেটের মশাল বাহক। প্যাশন আর আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে। এটাই ওর গ্রেটনেস। নির্বাচকদের উচিত ছিল আবার ওকে অধিনায়কত্ব দেওয়া। আরও ২-৩ বছর ওর খেলা উচিত ছিল। “
এখানেই না থেমে নির্বাচকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান শ্রীকান্ত আরও বলেন, আমি যদি এখন নির্বাচক প্রধান থাকতাম, তাহলে কেহলিকে বলতাম “বস, আবার দলকে নেতৃত্ব দাও এবং টেস্ট ক্রিকেটে ভারতের গৌরবকে ফিরিয়ে নিয়ে এস। তারপর অবসর নাও।“ তিনি এও মনে করেন তিনি কোহলিকে রাজি করাতে পারতেন। এবং বর্তমান নির্বাচকদেরও উচিত ছিল কোহলিক রাজি করানো।
কোহলির অবসরের পর অনেকেই তাঁকে সচিন তেন্ডুলকরের পাশে রেখে নতুন করে তুলনা শুরু করছেন। এ ব্যপারে মুখ খুলেছেন মার্ক বাউচার। তিনি বলেন, “ বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকরের মধ্যে তুলনা করা একেবারেই ঠিক নয়। আমি মনে করি সচিন তেন্ডুলকর একজনই হয়। আবার বিরাট কোহলিও একজনই হয়। দু’জনেই ক্রিকেটের কিংবদন্তি। “
একই সঙ্গে টেস্ট ক্রিকেট থেকে সরে গেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে? প্রবলভাবে আলোচনায় আছেন জসপ্রীত বুমরা ও শুভমন গিল। সুনীল গাভাসকরের ভোট অবশ্য বুমরার দিকে। সানি বলেন, “ কারও ওয়ার্কলোডের ব্যাপারটা তাঁর নিজের চেয়ে ভাল আর কে জানবে? যদি অন্য কেউ অধিনায়ক হয়, সে সব সময় বুমরার থেকে আরএ এক ওভার চাইবে। আর যদি বুমরা নিজে অধিনায়ক হয়, তাহলে ও জানবে কখন বল করবে, কখন বিশ্রাম নিতে হবে। তাই বুমরাকেই টেস্টের নেতৃত্ব দেওয়া উচিত।“ কোহলি-রোহিত যুগের পর নতুন করে যাত্রা শুরু হল ভারতীয় টেস্ট দলের।







