রোহিত শর্মা কি নতুন ইনিংস শুরু করতে চলেছেন! ক্রিকেট মাঠের বাইরে এমনই গুঞ্জন। বলা হচ্ছে, এবার রাজনীতিতে নামতে পারেন রোহিত শর্মা।
হঠাৎ করে কেন একথা ছড়িয়ে পড়ল! বুধবার সকালে মহারাস্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিশের বাড়িতে যান রোহিত। সৌজন্যমূলক সাক্ষাৎকার ছাড়া কিছু নয়। রোহিতের হাতে মুখ্যমন্ত্রী ফুলের বুকে তুলে দেন। তাঁরা দুজনে বেশ কিছু সময় গল্প করে কাটান। কী কথা হয়েছে তা প্রকাশ্যে আসেনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে রোহিত দেখা করতে এলে যা হয়, সেটাই হয়েছে। ক্যামেরার ঝলকানি। মিষ্টি মুখ। কোনও কিছু বাদ গেল না। এখানে ব্যাপারটি শেষ হয়ে গেলে এত কথার কিছু ছিল না। কিন্তু সেটা হল কোথায়! তাঁর বাড়ি থেকে রোহিত বেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র বিভিন্ন ছবি পোস্ট করে দেন। আর এখানেই চমক। দুয়ে দুয়ে চার হতে বেশি সময় লাগল না। হঠাৎ করে কেন রোহিত কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। তবে কি রাজনীতিতে নামার পরিকল্পনা আছে হিটম্যানের। তিনি নিজে এ নিয়ে কোনও কথা বলেননি। আলাদা করে কিছু জানাননি মুখ্যমন্ত্রী দেবেন্দ্রও। কিন্তু তাতে কি হয়েছে। টি২০ ক্রিকেট থেকে গতবছর অবসর নিয়েছেন। এবার টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন। পড়ে রইল শুধু ওয়ান ডে ক্রিকেট। সেটাই বা কতদিন চলবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি! আর তো কিছু করার থাকছে না। আইপিএল চালিয়ে গেলেও সেটাই বা কতদিনের বছরে দুই থেকে আড়াই মাস। বাকি সময় রোহিত করবেন কি! এখান থেকে গুঞ্জন শুরু হয়ে যায়। রোহিত হয়তো রাজনীতিতে নামতে পারেন।
সে যাই হোক, রাজনীতিতে এলেও এখনই তা সম্ভব নয়। সেটা হয়তো আর দুবছর পার করে হতে পারে। রোহিত নিজে কি চাইছেন, সেটাও জানার ব্যাপার আছে। সরকারের কাছ থেকে কিছু দাবিও থাকতে পারে তাঁর। অ্যাকাডেমি করতে চান রোহিত। তার জন্য সরকারের কাছ থেকে জমি চাইতে পারেন। কিন্তু সেটাই বা হয় কি করে। রোহিতের অ্যাকাডেমি আছে। তিনি নিজে সেভাবে দেখভাল করতে পারেন না। তাঁর ভাই দায়িত্ব নিয়ে দেখেন অ্যাকাডেমি। তাই এমন কিছু ভাবনা তাঁর আছে বলে কেউ মনে করছেন না। যাই হোক, আগামিদিনে হয়তো রোহিতের পরিকল্পনা জানা যাবে।
সকালে মুখ্যমুন্ত্রীর সঙ্গে দেখা করে ফিরে আসার পর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের খেলার প্রস্তুতিতে নেমে পড়েন রোহিত। প্র্যাকটিসে কোনও কিছু খামতি ছিল না। বোঝা গিয়েছে, মানসিক দিক থেকে তিনি নিজেকে অনেক সামলে নিয়েছেন। প্রায় এক সপ্তাহ হতে চলল টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন থেকে শুধু সাদা বলের ক্রিকেটে তাঁকে খেলতে দেখা যাবে। তার প্রথম ধাপ আইপিএল। ২১ মে ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁরা খেলতে নামবেন। পরের ম্যাচ পাঞ্জাব কিংস। লিগ টেবিলে মুম্বই ইন্ডিয়ান্স চার নম্বরে রয়েছে। ১২ ম্যাচে তারা ১৪ পয়েন্টে দাঁড়িয়ে। প্লে অফ খেলতে হলে তাদের অন্তত একটি ম্যাচ জিততেই হবে। তাই প্রথম টার্গেট দিল্লির বিরুদ্ধে জয়। রোহিতের লক্ষ্যও তাই। হিটম্যানের কেরামতি ২১ মে থেকে শুরু হয়ে গেল।







