শনিবার থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ দিয়ে আবার শুরু হবে টুর্নামেন্ট।আরসিবি এই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে প্লে অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে কেকেআরকে।কিন্তু আবহাওয়ার জন্য ম্যাচ হওয়া নিয়ে রয়েছে ঘোরতর অনিশ্চয়তা। রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে দুই দলই তৈরি।
কেকেআর তারকা মনীশ পাণ্ডে জানিয়ে দিলেন, বেঙ্গালুরুতে খেলা তাঁর কাছে সব সময়ই স্পেশ্যাল। তাঁরা পেশাদার ক্রিকেটার তাই মাঝের বিরতির জন্য তাঁদের কোনও সমস্যা হবে না, বরং এই সময়টায় নিজেদের আরও গুছিয়ে নিতে পেরেছেন। প্লে অফের আশা জিইয়ে রাখতে শেষ দুটি ম্যাচ জিততে মরিয়া টিম কেকেআর, জানিয়ে গেলেন মনীশ।
গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর, কিন্তু এবার তেমন ছন্দে নেই। তবে মনীশরা মনে করেন দুটো পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। শনিবার সামনে আরসিবি। আর ২৫ তারিখে সামনে সানরাইজার্স, এই দুটি ম্যাচই এখন পাখির চোখ নাইটদের।
প্লে অফের অঙ্ক খুবই জটিল। গুজরাট, আরসিবি, মুম্বই, পঞ্জাব – সবাই এগিয়ে রয়েছে কেকেআরের চেয়ে, তাই শুধু দুটি ম্যাচ জিতলেই হবে না, অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে। কেকেআরের অনুকূলে যেতে হবে বেশ কিছু ম্যাচের ফল। তবে সেসব নিয়ে না ভেবে নিজেদের ম্যাচ দুটি জিতে আশা বাঁচিয়ে রাখাই লক্ষ্য নাইটদের।







