শেষ ম্যাচেও হার। শুধু হার নয়, রীতিমত বিধ্বস্ত হয়েই এবারের মত আইপিএল অভিযান শেষ করল কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়নরা এবারের মরসুমটা ভুলতে চাইবে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১১০ রানে হারল ককেকেআর। অভিষেক-হেড-ক্লাসেনদের ব্যাটিং ঝড়ের সামনে রাতিমত নাস্তাবুদ নাইট বোলাররা।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৭৮ রানের বিশাল ইনিংস খাড়া করে কেকেআরকে তখনই ম্যাচ থেকে প্রায় ছিটকে দেয় সানরাইজার্স। শুরু থেকেই তাণ্ডব। অভিষেক শর্মা করলেন ১৬ বলে ৩২। হেড ৪০ বলে ৭৬। তবে কোটলা মাতিয়ে দিলেন হেনরিচ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকানের ব্যাটে যেন সাইক্লোন। ৩৭ বলে শতরান করে গড়লেন নজির। আইপিএলের যুগ্মভাবে তৃতীয় দ্রুততম শতরান। তাঁর আগে আছেন ক্রিস গেইল। ৩০ বলে শতরান করেছিলেন তিনি। আর এবারই ৩৫ বলে শতরান করে দ্বিতীয় স্থানে আছেন ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। ক্লাসেনেরহ মতই ৩৭ বলে শতরান করেছিলেন ইউসুফ পাঠান। ২০১০ সালে। এমন ইনিংস খেলার পর ক্লাসেন জানান, দলের হতাশাজনক মরসুমের শেষে কিছুটা খুশি এল।
সানরাইজার্সের ২৭৮ রান আইপিএলের তৃতীয় সর্বোচ্চ টিম স্কোর। তারপর কেকেআরের আর কীই বা করার ছিল। রানের চাপে ভেঙে পড়ে ১৮.৪ ওভারে ১৬৮ রানে শেষ হল নাইটদের ইনিংস। হতাশাজনক মরহসুমের পর হয়ত কেকেআর ম্যানেজমেন্ট বুঝছে শ্রেয়স আইয়ার, ফিল সল্টদের ছেড়ে দেওয়া কত বড় ভুল ছিল।







