কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে শনিবার চুঁচুড়ায় পিয়ারলেস এসসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ইউনাইটেড স্পোর্টস। প্রথমার্ধে দামনভালাং চাইনের গোলে পিয়ারলেস এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সাহিল হরিজনের গোলে সমতা ফিরিয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বেগুনি ব্রিগেড।
কল্যাণী স্টেডিয়ামের ‘বি’ মাঠে, সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারালো ভবানীপুর ক্লাব। দুই অর্ধে দু’টি গোল করলেন বিজয়ী দলের বিদ্যাসাগর সিং।

বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে, দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে, চেন্নাইয়িন এফসি রিজার্ভ দল থেকে এসে আজই কলকাতা লিগে অভিষেক ঘটানো থাংলালসৌন গাংতের গোলের সুবাদে ডায়মন্ড হারবার এফসি ১-০ গোলে উয়াড়ী এসি-কে হারালো।
অন্য একটি ম্যাচে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরল ইউনাইটেড কলকাতা এসসি। অ্যাসোস রেনবো-র বিরুদ্ধে প্রথমার্ধেই দলের হয়ে জয়সূচক গোলটি করেন জ্যাকব ভানলাললিমপুইয়া।

নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে, খিদিরপুর এসসি ২-০ গোলে জিতলো এরিয়ান ক্লাবের বিরুদ্ধে। প্রথমার্ধে নাওমা মেইতেই ও দ্বিতীয়ার্ধে অর্ঘ্য সরকার, বিজয়ী দলের পক্ষে গোলদু’টি করেন।







