এজবাস্টনের মাটিতে সিরিজ ড্র করে ফেললো ভারত। দ্বিতীয় টেস্ট ভারত জিতে গেল ৩৩৬ রানে। প্রথম টেস্টে ভারত যথেষ্ট বেগ দিয়েছিল ইংল্যান্ডকে। যদিও শেষমেশ জিতে যায় ইংরেজরা। প্রতিশোধ নিল দ্বিতীয় টেস্টে। আগাগোড়া আধিপত্য বজায় রেখে দ্বিতীয় টেস্টে ভারত উড়িয়ে দিল বিজয় পতাকা। ৩৩৬ রানে ভারতের জয়ের অর্থ, ইংল্যান্ড কোনওভাবে দঁাড়াতে পারেনি। প্রথম ইনিংসে মহম্মদ সিরাজ ধ্বস নামিয়ে ছিলেন। ১০ উইকেট ভাগাভাগি করে নিয়েছিলেন সিরাজ (৬ উইকেট) ও আকাশদীপ (৪)। দ্বিতীয় ইনিংসে আকাশদীপের বিধ্বংসী মেজাজের বোলিংয়ের সামনে পুরোপুরি ধরাশায়ী হয়ে গেল ইংল্যান্ড। একাই তিনি নিয়েছেন ৬ উইকেট। মাত্র ৯৯ রানের বিনিময়ে। মূলত তঁার জন্যই ভারত দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে অনায়াসে হারাতে পেরেছে। তাই বলে শুভমন গিলকে ভুললে চলবে না। ব্যাটিংয়ে যদি গিল হন মাস্টারক্লাস। তাহলে বোলিংয়ে আকাশদীপ দেখালেন সুপার্ব পারফরম্যান্স।
“প্রথম টেস্টে হারার পর আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করেছিলাম। সেই কথা অনুযায়ী প্রতিটি ব্যাপারে আমরা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছি। আমরা ঠিক কোথায় কোথায় ভুলটা করেছিলাম তা আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই ভুলগুলো শুধরে ফেলতেই ম্যাচটা জিতে যেতে কোনও সমস্যা হয়নি।” খেলার পর একথাগুলো জানিয়ে দিলেন শুভমন গিল। দ্বিতীয় টেস্টে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন গিল। অধিনায়ক ও ম্যান অব দ্য ম্যাচ হওয়া গিল আরও বলেন, “প্রথম টেস্টে আমাদের ফিল্ডিংয়ে প্রচুর গলদ ধরা পড়েছিল। বোলিং ভাল হলেও শেষের দিকে ব্যাটসম্যানরা রান পাচ্ছিল না। সেইসব দ্বিতীয় টেস্টে বিশেষ ধরা পড়েনি। যেমন আমরা ফিল্ডিংয়ে উন্নতি ঘটাতে পেরেছি। আবার বোলিংও দারুন হয়েছে। এককথায় আমাদের পারফরম্যান্স সত্যি অসাধারণ হওয়ায় ইংল্যান্ডকে আমাদের দ্বিতীয় টেস্টে হারানো সম্ভব হল।” সেই সঙ্গে গিল এও জানিয়ে গেলেন, তঁারা জানতেন এই পিচে যদি ৪০০-৫০০ রান করতে পারেন তাহলে বিপদের কোনও আশঙ্কা থাকবে না। গিলও এও জানিয়ে দিলেন, লর্ডস টেস্টে অবশ্যই যশপ্রীত বুমরা খেলবেন। “প্রত্যেকটা দিন আমার কাছে শেখার আছে। সেইমতো শেখার চেষ্টাও করি। আমি একজন ব্যাটসম্যান। তাই ব্যাটসম্যান হিসেবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। কিন্তু অধিনায়ক হলে তখন চিন্তাধারা পাল্টে যায়। সেখানে ঝঁুকির কোনও জায়গা থাকতে পারে না। তাই এখন থেকে বলতে পারি, যশপ্রীত বুমরা লর্ডস টেস্টে খেলছেন।” প্রসঙ্গত বলা যেতে পারে, ১০-১৪ জুলাই তৃতীয় টেস্ট হবে লর্ডসে।

এজবাস্টনে টেস্ট জিতে স্মারক হিসেবে ম্যাচের একটা উইকেট হাতে তুলে নিলেন ভারত অধিনায়ক শুভমন গিল।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন জানিয়ে দিলেন, লর্ডসে যশপ্রীত বুমরা খেললে ভারত আরও ভয়ংকর হয়ে উঠবে। “লর্ডসে সিরাজ এমনিতে বল করতে ভালোবাসে। সেখানে রেকর্ডও আছে। তবে আকশদীপ ভারতের কাছে একজন আবিষ্কারক বোলার হয়ে গেল। কী অসাধারণ বল করে গেল এজবাস্টনে। তবে বিশ্রাম পেয়ে গিয়েছে বুমরা। জানবেন ও আরও ভয়ংকর হয়ে উঠবে লর্ডসে। বিশ্রাম পাওয়ায় পুরো ফিট হয়ে নামতে পারবে।”পাশাপাশি নাসের হুসেন এও মনে করছেন, ইংল্যান্ডেরও অনেকে খেলেননি। চোট-আঘাতের জন্য সরে রয়েছেন। তঁার ধারণা জোফ্রা আর্চার ও গাস অ্যাটকিনসন ফিরে এলে টেস্টের জৌলুস আরও বাড়বে। আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে ভারত-ইংল্যান্ড টেস্ট।







