ফেডারেশন জুলাই মাসে তঁার পদত্যাগের কথা ঘোষণা করলেও অনেক আগেই তিনি জাতীয় দলের কোচ থেকে অব্যাহতি নিয়েছেন। এমনই জানিয়ে দিলেন সদ্য প্রাক্তন ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কেজ। স্প্যানিশ সংবাদপত্র মার্কাকে সাক্ষাতকার দিতে গিয়ে মানোলো এও জানিয়েছেন, ভারতীয় ফুটবল দলের কোচিং করা তঁার স্বপ্ন থাকলেও গত এক বছরের মধ্যে তিনি বুঝে গিয়েছিলেন, এখানে হওয়ার কিছু নয়।
জুলাই মাসে তঁাকে সরকারীভাবে সরানো হলেও এপ্রিলে তিনি যে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তা জানিয়ে দিলেন সদ্য বিদায়ী জাতীয় দলের কোচ। “দেখুন আমি অনেক আগেই পদত্যাগ পত্র জমা দিয়েছিলাম ফেডারেশনে। এপ্রিল মাসে আমার পদত্যাগ করা হয়ে গিয়েছে। জুনে ট্রান্সফার উইন্ডো পর্যন্ত থাকতে বলেছিল ফেডারেশন। নইলে আমার এপ্রিলে সরে যাওয়ার কথা।” জানিয়ে দিয়েছেন মানোলো মার্কেজ। পরমুহূর্তে তিনি যোগ করেন, “খারাপ রেজাল্ট করেছি বলে আমি পদত্যাগ করতে চেয়েছিলাম তা কিন্তু নয়। ফেডারেশন যেহেতু আমাকে এক মাস থাকার কথা বলেছিল। তাই ছিলাম। আমার মনে হয়, ফেডারেশন আমার প্রাথমিক সিদ্ধান্ত মেনে নিয়েছে।” ২০২৪ সালে তিনি ইগর স্টিমাচের স্থলাভিসিক্ত হন। গত এক বছরের মধ্যে এমন কোনো সাফল্য দেখাতে পারেননি যা নিয়ে মানোলো মার্কেজকে দায়িত্বে রাখা যেতে পারে। একটা মাত্র প্রীতি ম্যাচ মালদ্বীপের বিরুদ্ধে তঁার কোচিংয়ে দল জিতেছিল। তাছাড়া কোনও ম্যাচ তিনি ভারতকে জেতাতে পারেননি। ভারতীয় দলের কোচিং করানোর জন্য একসময় দারুন উঠে পড়ে লেগেছিলেন মানোলো। “ভারতীয় দলে কোচিং করানো আমার কাছে স্বপ্ন ছিল। যদি আপনি দেখেন জাতীয় দলের কোচের কথা কেউ শুনছে না। এক নিয়ম মেনে সব দল খেলতে রাজি নয়, তখন খুব দুঃখ লাগে। সেই সময় মনে হয়, এই জায়গাটা আপনার জন্য নয়।” বলছিলেন মানোলো।
স্প্্যানিশ কোচ স্বীকার করে নিয়েছেন, তিনি কিছু কিছু ভুল করেছিলেন। সেই ভুলের মাশুল তঁাকে দিতে হল। পাশাপাশি এও ভাবছেন, তিনি যদি ভালো রেজাল্ট করতেন তাহলে তঁাকে জাতীয় দল থেকে সরিয়ে দেওয়া হত না। “কোনও সন্দেহ নেই, আমি বেশ কিছু ভুল করেছি। তবু যদি দলের রেজাল্ট ভাল হত তাহলে আমাকে বোধহয় সরানো হত না। একই জায়গায় থাকতে পারতাম।” গত মরশুমে তিনি এফসি গোয়ার হাতে সুপার কাপ তুলে দেন। তঁার কোচিংয়ে শেষ ম্যাচ ভারত খেলেছে হংকংয়ের সঙ্গে। সেই ম্যাচে ভারত ১-০ গোলে হেরে বসে। হেরে যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে স্প্যানিয়ার্ড কোচ বলেছেন, “হারার পেছনে কারণ ছিল। হংকং ম্যাচের তিন দিন আগে দলের প্রত্যেকে জানতো আমার কোচিংয়ে এটাই শেষ ম্যাচ। সেখানে ফুটবলাররা একজন কোচের জন্য নিজেকে উজাড় করে দিতে যাবে কেন? সেইসব ফুটবলারদের পক্ষে এমন একটা দলে থেকে ভালো খেলা অসম্ভব। বিশেষ করে যখন আপনি জানতে পারছেন, দলের কোচের কাছে সামনের ম্যাচটা হল বিদায়ী ম্যাচ।”







