শুবমান গিলের অধিনায়কত্ব নিয়ে উচ্ছ্বসিত সুনীল গাভাসকার। এজবাস্টন টেস্টে জিতে ভারতের সিরিজ ১-১ করার পরই শুবমান গিলের অধিনায়কত্বে মজেছেন গাভাসকার।
কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ওপেনার বলছেন, ”গিল ঠাণ্ডা মাথায় সিরিজে নেতৃত্ব দিচ্ছে। প্রতিটা সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় বুঝে নিচ্ছে। এটার জন্য প্রশংসা করতেই হয়। আমি মনে করি ভারতীয় প্লেয়ারদের মধ্য়েও গিলকে অধিনায়ক হিসেবে মেনে নেওয়াটা সহজ হয়েছে। আমি মনে করি ওর কথায় সবার বিশ্বাস করা উচিৎ। গিল যদি এখন কাউকে ১০ তলা থেকে ঝাঁপও দিতে বলে, সেটা নির্দিধায় করা উচিৎ। কারণ গিলের দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জন্মগত এবং স্বতঃস্ফুর্ত। দারুণ অধিনায়ক হয়ে উঠছে ও। আগামিদিনে আরও পরিণত হয়ে উঠবে ও।”
ভারতের তৃতীয় টেস্ট আগামী ১০ তারিখ থেকে শুরু লর্ডসে। লর্ডসকে বিশ্ব ক্রিকেটের মক্কা বলা হয়। ভারতীয় ক্রিকেট দল এই মাঠে এখনও পর্যন্ত মোট ১৯টি ম্যাচ খেলেছে। কিন্তু জিতেছে মাত্র দুটো। টিম ইন্ডিয়া হেরেছে ১২টিতে, ৫টিতে ড্র। লর্ডসে ভারতের জয়ের শতকরা হার ১০.৫ শতাংশ।
লর্ডসে ভারতের শেষ তিনটি ম্যাচে একটিতে হার আর দুটি-তে জয় এসেছিল। ২০১৪-র লর্ডস টেস্টে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ৯৫ রানে জিতেছিল ভারত। ২০১৮-য় এক ইনিংস ও ১৫৯ রানে হারতে হয় ভারতকে। আবার ২০২১-এ ১৫১ রানে জিতেছিল ভারত।
শুবমান গিল এজবাস্টনে আরও এক কীর্তি করেছেন। গাভাসকারের ৪৯ বছরের কীর্তি ভেঙেছেন। সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে মাত্র ২৫ বছর বয়সে ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছেন। ১৯৭৬-এ গাভাসকার ২৬ বছর বয়সে এই কীর্তি করেছিলেন।







