ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা। প্যালেস্তাইনের মহম্মদ রশিদ। মরোক্কোর হামিদ আহাদাদ এবং আর্জেন্তিনার ডিফেন্ডার কেভিন সিবিল্লে। এই চার নতুন বিদেশিকে সই করিয়ে নতুন আশা ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদের, কোচেদের এবং সমর্থকদের।
দলের সাফল্য গত পাঁচ বছরে দূরবীণ দিয়ে দেখতে হবে। আইএসএলে, প্লে-অফে তো ওঠা দূর অস্ত, ২০২৪-২৫ মরশুমে নবম স্থানে শেষ করাই গত পাঁচ মরশুমের আইএসএলে সেরা প্রাপ্তি ক্লাবের কাছে! প্রদীপের মত জ্বলছে ২০২৪-এ সুপার কাপ জয় আর এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ালিফায়ার্সে কোয়ার্টার ফাইনালে পৌঁছনো।
যে চার বিদেশীর ওপর ভরসা রেখে লাল-হলুদ ম্যানেজমেন্ট গত মরশুমের শেষে ব্যর্থতাকে বরণ করে নিয়েছিল সেই মেসি বোউলি, হিজাজি মাহের, মাদি তালাল এবং হেক্টর ইউস্তেকে ক্লাব এই ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে।
নতুন এই চার বিদেশী ফুটবলারের মধ্যে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরার ইস্টবেঙ্গলে আসা কোচ অস্কার ব্রুজোর উদ্যোগে। স্প্যানিশ কোচের কোচিংয়েই টানা তিন মরশুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জেতা বসুন্ধরা কিংসের অন্যতম প্রধান স্ট্রাইকার ছিলেন মিগুয়েরা। প্যালেস্তাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদ গতবছর তার দেশকে প্রথমবার এএফসি এশিয়ান কাপের শেষ ১৬-য় পৌঁছনোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আর রক্ষণ জমাট করতে হিজাজি মাহেরের পরিবর্তে আর্জেন্তিনার কেভিন সিবিল্লে। আর্জেন্তিনার বিখ্যাত ক্লাব রিভারপ্লেটের যুব দল থেকে উঠে আসা এই ডিফেন্ডার স্পেনের একটি তৃতীয় ডিভিশন দলের হয়ে খেললেও তার সাম্প্রতিক ম্যাচের ভিডিও-ক্লিপিংস দেখে খুশি হয়েছেন কোচ ব্রুজো এবং ফুটবল ডিরেক্টর থাংবই সিংটো বলে জানা গিয়েছে। আর একদিকে এফসি গোয়া-র জয় গুপ্তের সঙ্গে দুই মরশুমের চুক্তিও সম্পন্ন করল ইস্টবেঙ্গল।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, নতুন এই চার বিদেশীরই ১৯ জুলাইয়ের মধ্যে কলকাতায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা। ম্যানেজমেন্ট এবং কোচ, ফুটবল ডিরেক্টরদের ইচ্ছে ডুরান্ড কাপে বিদেশীদের খেলিয়ে দেখে নেওয়া। যদিও ফুটবলারদের সুস্থতার পরীক্ষার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুধু নতুন বিদেশী ফুটবলার নয়. ইস্টবেঙ্গল মাঠকেও এই মরশুমে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে। বসানো হচ্ছে আধুনিক বারমুডা ঘাস। কলকাতায় যা একমাত্র যুবভারতী ক্রীড়াঙ্গনে রয়েছে। মাঠের চারপাশ জুড়ে বসানো হবে জল দেওয়ার একাধিক স্প্রিঙ্কলার। ফ্লাডলাইটেরও সংস্কার কাজ হবে এবং প্র্যাক্টিসের জন্য মূল মাঠের পাসে কৃত্রিম ঘাসও বসানোর পরিকল্পনা আছে।







