ডার্বির আগে শেষ ম্যাচে, মঙ্গলবার মামনি পাঠচক্রের বিরুদ্ধে ব্যারাকপুর স্টেডিয়ামে ১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ৮৭ মিনিটে মামনি পাঠচক্রের হয়ে জয়সূচক গোল ডেভিড মটলার।
কিন্তু ম্যাচের স্কোরলাইনের চেয়েও তাৎপর্যপূর্ণ ধরাকাছা ছেড়ে ম্যাচ খেলতে আসা পাঠচক্রের গোলকিপার অর্ণব দাসের ম্যান-অফ-দ্য-ম্যাচ হওয়া! বাবা-র পর মা-ও চলে গিয়েছেন। ম্যাচের আগে তার খাবার ছিল সাবু! ম্যাচের সেরা হওয়ার পরের খাবার সাবু আর ফল। কে বলল মা চলে গিয়েছেন! ভীষণভাবে আছেন তিনি এখনও! তার আশীর্বাদেই তো মঙ্গলবার অর্ণবের নিখঁত খেলে ম্যাচের সেরা হওয়া!
অর্ণবের ক্লাবও যে একইভাবে তার পাশে। মঙ্গলবার ম্যাচের পর সেই ছবি দেখা গেল। ক্লাবের স্পনসরের প্রধান শেখ নাসিম আখতার দলের জয়ে একটা উপহার দিতে চেয়েছিলেন ফুটবলারদের। দাদা-বৌদির হোটেলে বিরিয়ানি খাওয়ার আমন্ত্রণ। ফুটবলাররা জানালো বিরিয়ানির প্রয়োজন নেই! বরং তিনি যেন বিরিয়ানির টাকাটা অর্ণবের মায়ের কাজের জন্যে দিয়ে দেন! এবং সেটাই হল। দিনের শেষে দল নয়, ফুটবলের জয়!

মঙ্গলবার প্রিমিয়ার ডিভিশন লিগের অন্য ম্যাচে জর্জ টেলিগ্রাফ ৩ গোলে জিতল কালিঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোশিয়েশনের বিরুদ্ধে। বিএসএস স্পোর্টিঙ্গের বিরুদ্ধে ২-১ গোলে জিতল নিউ আলিপুর সুরুচি সঙ্ঘ।
অন্যদিকে, তেলেঙ্গানার হায়দ্রাবাদে আগামী ২৭ থেকে ২৯ সে জুলাই এ আই এফ এফ- ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমি তে ট্রায়ালের জন্য বাংলা থেকে কুড়ি জন ফুটবলার ডাক পেয়েছেন। এরা হলেন ময়ূখ হালদার,দিশাম রাজ হাঁসদা, উইলসন লাকরা, আর্জমান কেডিয়া, জয়ন্ত মন্ডল, কৈলাস মল্লিক, হিরন রায়, আহান হালদার, দেবরাজ গায়েন, ভোলা রাজোয়ার, জিয়ন হাঁসদা, রাজ মুদি,, নিরব রায়, সিদু সোরেন কিংশুক সরকার, বিভাস গিরি,সুদীপ মুর্মু অংশু সর্দার,রাজেশ মুর্মু, ও আরিফ মন্ডল। এই ট্রায়াল অনুষ্ঠিত হবে হায়দরাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামে।







