মুখ খুললেন মহম্মদ সিরাজ। লর্ডস টেস্টে হেরেও অন্যতম নায়ক তিনি। ক্রিকেট ইতিহাসের আর্কাইভে ঢুকে পড়েছে দুর্ভাগ্যজনকভাবে বেল পড়ে যাওয়ার পর উইকেটের সামনে বসা সিরাজের চোখের জলের ছবি!
সেই ফাস্ট বোলার ম্যাচের পরের দিন মাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। লিখেছেন, “কিছু কিছু ম্যাচ সারা জীবন মনে থাকে। ফলাফলের জন্য নয়, আপনি সেই ম্যাচ থেকে কী কী ইতিবাচক শিক্ষা পেলেন তার জন্য।” অর্থাৎ লর্ডস টেস্ট থেকে যে অনেক কিছু শিখতে পেরেছেন সেটাই উঠে এসেছে সিরাজের লেখায়।
ম্যাচের পর টেস্টে চার উইকেট নেওয়া সিরাজের ভূয়সী প্রশংসা করেন নাসের হুসেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, “কোহলির মতো আবেগ রয়েছে ওর। সেই জন্যই কোহলির অধীনে অত ভাল খেলেছে। যদি ওকে তাতিয়ে দিয়ে মাঠে ছেড়ে দেন, তা হলে ওর চেয়ে বিপজ্জনক আর কেউ নেই। নিখুঁত বলের লাইন রেখে অলি পোপকে আউট করেছে। ওর মতো কাউকে আপনি সব সময় দলে চাইবেন। ভারতের সমর্থকেরাও চায় সিরাজের মতো আবেগপ্রবণ ক্রিকেটারকে দলের হয়ে দেখতে।”







