সুদীপ পাকড়াশীঃ
সোমবার উত্তর ২৪ পরগণার ফুটবলে এল নতুন স্পনসর। কোম্পানির নাম বিবি ফাউন্ডেশন। ডক্টর্স চয়েজ যাদের জনপ্রিয় ব্র্যান্ড। সোমবার একটি অনুষ্ঠানে তিন বছরের জন্য মৌ-চুক্তি হল। সই করলেন কোম্পানির কর্ণধার বিজয় আগরওয়াল আর উত্তর ২৪ পরগণা জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সচিব সিদ্ধার্থ ভট্টাচার্য।
উত্তর ২৪ পরগণা একসময় শুধু বাংলা নয়, ভারতীয় ফুটবলেরও আধার ছিল! একটা সিনিয়র জাতীয় ফুটবল দল তৈরি করা ফেলা যেত! সেই জেলা থেকে আজ জাতীয় মানের ফুটবলার খুঁজতে হলে দূরবীণ দিয়ে দেখতে হয়!
সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জেলা থেকে দেশের হয়ে খেলা মিহির বোস, রঞ্জিত মুখার্জি, স্বপন সেনগুপ্ত, মনোরঞ্জন ভট্টাচার্য, সুমিত মুখার্জি, লালকমল ভৌমিক, কবীর বোস, প্রতাপ সেনাপতি, বিশ্বনাথ মণ্ডলের মত একাধিক প্রাক্তন ফুটবলার। এদের সঙ্গে ডিএসএ সচিব, এই স্পনসরশিপকে বাস্তবায়িত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, গৌতম মুখার্জি যিনি রঞ্জিত মুখার্জির ভাই-প্রত্যেকের বক্তব্যে একটাই মিল। ‘অদূর ভবিষ্যতে উত্তর ২৪ পরগণা ফুটবলের গৌরবময় অতীতকে ফিরিয়ে আনতে হবে।’
আগামি ৩ বচ্ছরে ডিএসএ পাবে আনুমানিক ২৫ লক্ষ টাকা। বিজ্ঞানসম্মত ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং জুনিয়রদের নিয়ে লিগ শুরু করার পাশাপাশি ডিএসএ সচিবের ভাবনায় মহিলাদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ শুরু করা। প্রাথমিকভাবে আলোচনাও শুরু হয়ে গিয়েছে জেলার ক্লাবগুলো এবং জেলার কিছু বেসরকারি সংস্থার সঙ্গেও। ডিএসএ সচিব সিদ্ধার্থ ভট্টাচার্যের আশা, “প্রথমবার মনে ১০টা দল নিয়ে লিগটা করতে পারব। জেলার যে চারটে ডিভিশন আছে সেখান থেকেই দলগুলোকে নিয়ে একটা মাঠে লিগটা প্রথমবার করার চেষ্টা করব। আর এই লিগে আমার আশা, বেসরকারি সংস্থারাও এগিয়ে আসবে। পুজোর পরই মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ করব।”








