আইপিএলকে অনুসরণ করে বিভিন্ন দেশে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি থেকে মার্কিন মুলুকের মেজর লিগ ক্রিকেট।
আবার ফর্ম্যাট বদলে দশ ওভার বা একশো বলের লিগও চালু হয়েছে অনেক দেশে। যেমন সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি টি-১০ বা ইংল্যান্ডের দ্য হান্ড্রেড। এবার চালু হতে চলেছে ইউরোপের প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ। ২০২৬-এ শুরু হবে ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। আয়োজক স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। আইসিসি-র অনুমোদনও ইতিমধ্যে পেয়ে গিয়েছে আয়োজকরা।
এই লিগের অন্যতম আকর্ষণীয় তথ্য, অন্যতম অংশীদারের নাম অভিষেক বচ্চন। আইএসএলে চেন্নাইয়িন এফসি, প্রো কবাডি লিগে জয়পুর পিঙ্ক প্যান্থার্স- এই দলগুলোর মালিকানায় রয়েছেন বলিউডের এই অভিনেতা। আর ইটিপিএলে তিনি লিগের অংশীদার হয়ে আয়োজকদের একজন!
অভিষেক মনে করছেন, এই লিগের হাত ধরেই বদলে যাবে ইউরোপীয় ক্রিকেটের চালচিত্র। ইটিপিএল প্রসঙ্গে তাঁর বক্তব্য, “ইউরোপের বাজার পেশাদার টি-টোয়েন্টি লিগের জন্য তৈরি হয়েই রয়েছে। তাই আমরা এখানে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া যে তিনটে দেশে ইটিপিএল হবে, সেই স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর নেদারল্যান্ডসে ক্রিকেট অপরিচিত নয়। তিনটে দেশই বিভিন্ন সময়ে একাধিক ফরম্যাটে বিশ্বকাপ খেলেছে।”
২০২৮ লস অ্যাঞ্চেলেস অলিম্পিকে যোগ হয়েছে ক্রিকেট। ১২৮ বছর ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ দেখা যাবে ব্যাট-বলের লড়াই। ফলে ইউরোপে টি-টোয়েন্টি লিগ চালুর জন্য এটাই সেরা সময় বলে মন করছেন অভিষেক। তাঁর কথা, “আগামী অলিম্পিকে ক্রিকেট যোগ হয়েছে। ফলে আমরা মনে করছি, এটাই ইটিপিএল চালুর সঠিক সময়। এই তিন দেশে নিজস্ব পেশাদার টি-টোয়েন্টি লিগ থাকা প্রয়োজন। কারণ আইসিসি-র সদস্য দেশগুলির অধিকাংশেরই এমন লিগ রয়েছে। আর এমন লিগ দেশের ক্রিকেট মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। নতুন প্লেয়ার উঠে আসে এই লিগে খেলে। সেটা অলিম্পিকে খেলার সময় সাহায্য করবে।”







