শারীরিক সক্ষমতার পরীক্ষায় পাস করার পর বৃহস্পতিবার সকালে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বহু আলোচিত ডিফেন্ডার টেকসাম অভিষেক সিং। বিকেলে দলের প্রাক মরশুম অনুশীলনে নেমেও পড়েছেন তিনি। মোহনবাগান ফুটবলাররা সল্টলেক নিউটাউনে সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে ট্রেনিং করছেন। দলের চিফ কোচ হোসে মোলিনার কলকাতায় পৌঁছনোর কথা ২ অগস্ট। তাই সহকারী কোচ বাস্তব রায়ের পর্যবেক্ষণে লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, বিশাল কাইথদের সঙ্গে মাঠে নেমেছেন অভিষেক।
তার আগে সকালে অভিষেক বলেছেন, “আমার কাছে দেশের অনেক নামী ক্লাবে খেলার প্রস্তাব এসেছিল। কিন্তু সব প্রস্তাব দূরে সরিয়ে রেখে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়ার কারণ হল এই ক্লাবকে দেশের এক নম্বর বলে আমি মনে করি। মোহনবাগানে খেললেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া যায়। ট্রফি পাওয়া যায়। স্বপ্ন ছোঁয়া যায়। সবুজ-মেরুন জার্সির ট্রফি জয়ের ধারাবাহিকতা আমাকে এখানে টেনে এনেছে। এই ক্লাব দল গড়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমারও ইচ্ছে এই ক্লাবের জার্সি পরে ট্রফি জেতা।
তিনি আরও বলেছেন, “পাঞ্জাবের জার্সিতে আই লিগ ট্রফি জিতেছি। কিন্তু দেশের সেরা প্রতিযোগিতা আইএসএল লিগ বা শিল্ড কখনও জিতিনি। আশা করি মোহনবাগান জার্সিতে সেই স্বপ্ন পূরণ করতে পারব। দেশের অনেক তারকা ফুটবলার এখানে খেলে। ওদের সঙ্গে খেললে বা অনুশীলন করলে আমি উপকৃত হব। ওদের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই এখন আমার লক্ষ্য। ভারতীয় দলের হয়ে খেললেও এএফসি চ্যাম্পিয়নশিপে কখনও খেলিনি। সেই স্বপ্নও পূরণ করতে চাই।”







