বাংলার ঝড়ে উড়ে গেল কেরল। অনূর্ধ্ব ১৬ জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ ড. বি সি রায় ট্রফির গ্রুপ লিগের শেষ ম্যাচে কেরল কে ৪-১ গোলে হারালো ফাল্গুনী দত্তের প্রশিক্ষণে বাংলার ছেলেরা। গত ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর আবার কেরলের বিরুদ্ধেও হ্যাটট্রিক করে বাংলার রাজদীপ পাল। অন্য গোলটি দুর্গেশ তেওয়ারির। এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছল বাংলা।

এদিকে, চলতি ডুরান্ড কাপের জন্য বাংলার রেফারি না পাওয়ার কারণে শনিবার ২৬ জুলাই কল্যানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্টস বনাম ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচ পরিচালনা করবেন ভিন রাজ্যের রেফারি। যদিও সহযোগী রেফারিরা সকলেই বাংলার।







