বিশ্ব লেজেন্ডস ক্রিকেট লিগ টুর্নামেণ্টে আবার শেষ চারে মুখোমুখি ভারত-পাকিস্তান। শিখর ধাওয়ান, হরভজন সিং, যুবরাজ সিংদের পহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রতিবাদে গ্রুপ পর্বের ম্যাচ বাতিল হয়েছিল। সেমিফাইনালে দুই দলের দ্বৈরথ কি হবে?
সেই সংশয়ের মধ্যেই লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল ভারতীয় স্পনসর। কারণ, তারা মনে করে, ‘সন্ত্রাসবাদ ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না’। শিখর ধাওয়ান আগেই জানিয়েছিলেন, গ্রুপ পর্বের ম্যাচের মত সেমিফাইনালও তিনি বয়কট করছেন। যুবরাজ সিং, হরভজন সিং, পাঠান ভাইদেরও বয়কট করার কথা।
লেজেন্ডস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারান যুবরাজ সিংরা। হাফসেঞ্চুরি করে ও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা স্টুয়ার্ট বিনি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোরা রান না পেলেও কায়রন পোলার্ড ৭৪ রান করেন। অন্যদিকে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পাকিস্তান। সূচি অনুযায়ী সেমিফাইনালে ভারত-পাক দ্বৈরথ হওয়ার কথা ৩১ জুলাই।
লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়ানো ভারতীয় স্পনসর সংস্থার সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘বিশ্ব লেজেন্ডস লিগে অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা ভারতীয় দলকে নিয়ে গর্বিত। তবে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সেমিফাইনাল আর পাঁচটা ম্যাচের মতো নয়। সন্ত্রাসবাদ ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। আমরা ভারতের পাশে।’
‘যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয়, তার সঙ্গে কোনও ইভেন্টের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা আমরা সমর্থন করি না। দেশের মানুষ এই নিয়ে কথা বলেছে এবং আমরা তা শুনেছি। আমাদের কোম্পানি ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে যুক্ত থাকবে না। কিছু বিষয় খেলাধুলোর ঊর্ধ্বে। আগে দেশ, তারপর ব্যবসা। জয় হিন্দ।’







