চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট, ওভালে যশপ্রীত বুমরা সম্ভবত খেলবেন না। ভারতীয় ক্রিকেট দলের মেডিকাল টিম তাকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে একটি ইংরিজি ওয়েবসাইট।
এই সিরিজে বুমরার তিনটি টেস্ট খেলার কথা ছিল এবং তার ৩টি টেস্ট খেলাও হয়ে গিয়েছে। ভারতের কাছে ওভাল টেস্টের অপরিসীম গুরুত্ব। জিতলে সিরিজে ১-২ পিছিয়ে থাকা ভারত সিরিজ ড্র করে ফিরতে পারবে। তাও, বুমরার পিঠের চোট এবং ওয়ার্কলোডের কথা ভেবে তাকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বুমরা এখনও পর্যন্ত চলতি সিরিজের ৩ টেস্ট মিলিয়ে মোট বল করেছেন ১২০ ওভার। গতবছর অস্ট্রেলিয়া সফরে পিঠে চোট পাওয়ার পর চলতি ইংল্যান্ড সিরিজে তার প্রথম মাঠে নামা। ওল্ড ট্র্যাফোর্ডে বুমরাকে স্বমহিমায় দেখা যায়নি। অনেক কম গতিতে বল করেছেন। মুভমেন্টও আগের দু’টেস্টের মত ছিল না। এটাই হয়ত তার ওয়ার্কলোড বেশি হয়ে পড়ার প্রতিফলন ছিল।
ভারতের হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য দু’দিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, বুমরার সঙ্গে তার এখনও চূড়ান্ত পর্যায়ে কথা হয়নি। কিন্তু ওয়েবসাইটটি জানিয়েছে, বুমরার পরিবর্তে আকাশদীপ সিং-এর প্রথম একাদশে ঢোকার সম্ভাবনা বেশি।







