অবশেষে জল্পনায় সিলমোহর পড়ল। শুক্রবার নয়াদিল্লিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এগজিকিউটিভ কমিটির মিটিংয়ে সর্বসম্মতভাবে খালিদ জামিলকে ব্লু টাইগার্সদের চিফ কোচ হিসেবে নিয়োগ করা হল।
প্যারালাল স্পোর্টসের ইউ টিউব বুলেটিনই প্রথম জানিয়েছিল যে মানোলো মার্কুয়েজের পর সিনিয়র ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্বে আসতে চলেছেন খালিদ জামিল।
১৩ বছর পর সিনিয়র জাতীয় দলের দায়িত্বে ভারতীয় কোচ এলেন। ২০১২-য় সিনিয়র জাতীয় দলের হেড কোচ ছিলেন স্যাভিও মেদেইরা।
ফুটবলার খালিদ জামিলের যে স্যারের কাছে থেকে টানা চারবছর তৈরি হওয়া, সেই দ্রোণাচার্য বিমল ঘোষ শুক্রবার মুম্বই থেকে ফোনে প্যারালাল স্পোর্টসকে বললেন, “ও পারবে। জামশেদপুর এফসি, তার আগে আইজল এফসি, মানে ক্লাব পর্যায়ে যেভাবে সাফল্য এনেছে, জাতীয় দলকেও সফল করতে পারবে। ওর কোচিংয়ের প্রধান গুণ হার-না-মানা লড়াই। শেষপর্যন্ত লড়াই করে যাওয়ার মানসিকতা। আর নিজের এই মানসিকতাকে ফুটবলারদের মধ্যে সফলভাবে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা।” ঘোষ এ-ও বললেন, “ওর দ্বিতীয় সুবিধে, যে কোনও বিদেশি কোচের তুলনায় খালিদ ভারতীয় ফুটবলারদের অনেক বেশি চেনে। তাই দলে ফুটবলার নির্বাচন ওর চেয়ে ভাল কে করতে পারবে?”
৪৮ বছর বয়সী এই কোচের সামনে কঠিন পরীক্ষা। সামনের মাসেই কাফা নেশনস কাপে খালিদের ভারতীয় দল মুখোমুখি হবে ইরান এবং তাজিকিস্তানের মত শক্তিশালী দুই দেশের। বিমল ঘোষ বলছেন, “একটা ম্যাচ জিতলেই ছবিটা বদলে যাবে। যদিও ওর প্রথম অ্যাসাইনমেন্টটা খুবই কঠিন।”







