ভিসা পেয়েও এশিয়া কাপ হকিতে অংশ নিচ্ছে না পাকিস্তান। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর আবহে ভারতে দল পাঠাচ্ছে না পাক হকি সংস্থা।
২৭ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আয়োজক দেশ ভারত ছাড়াও এশিয়া কাপের ১২তম সংস্করণে অংশ নেওয়ার কথা জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের। আগামী বছর নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বসতে চলেছে বিশ্বকাপের আসর। তার আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব এই এশিয়া কাপ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে হকি ইন্ডিয়ার শীর্ষকর্তা জানিয়েছেন, ভারতে এশিয়া কাপের জন্য দল পাঠাতে নারাজ পাকিস্তান।
পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে এশিয়া কাপের জন্য ভিসা দেওয়া নিয়ে প্রাথমিকভাবে দিধাগ্রস্ত ছিল ভারত সরকার। শেষ পর্যন্ত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিদেশমন্ত্রক। কিন্তু ভিসা পাওয়ার পর বেঁকে বেসেছে পাকিস্তানই। পাক হকি ফেডারেশনের তরফে হকি ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা ভারতে দল পাঠাতে পারছে না। তবে পাকিস্তান না থাকলেও এশিয়া কাপ হকি সাত দলেরই হচ্ছে। পাকিস্তানের বদলে ওই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলাদেশকে।







