বিশ্ব ফুটবলে নয়া যুগের সূচনা! পর পর দু’বছর ব্যালন ডি’ওরের তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির। ৩০জনের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানেও এই দুই মহারথীর নাম নেই! পরিবর্তে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে উঠে এলেন কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, ওসুমানে ডেম্বেলে, মহম্মদ সালাহরা।
গত ২০ বছর ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছেন মেসি এবং রোনাল্ডো। দুই মহারথীর দ্বৈরথ দেখতে আজও মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। এবার হয়ত সেই যুগের অবসান হতে চলেছে। সেরকমই ইঙ্গিত মিলল ব্যালন ডি’ওরের তালিকায়।
২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রত্যেকবার ব্যালন ডি’ওরের মনোনয়ন পেয়েছেন রোনাল্ডো। তার মধ্যে পাঁচবার জিতেছেন। অন্যদিকে ২০০৬ সাল থেকে ২০২৩ পর্যন্ত মনোনয়ন ছিল মেসির। তাঁর দখলে রয়েছে ৮টি ব্যালন ডি’ওর। এই নিয়ে দ্বিতীয়বার দুই মহাতারকাকে বাদ দিয়েই প্রকাশিত হল ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা। দুই মহারথীর সম্ভাব্য উত্তরসূরি যাঁদের ভাবা হচ্ছে সেই লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপে, এরলিং হ্যাল্যান্ডরা অবশ্য লড়াইয়ে রয়েছেন। সেই সঙ্গে লড়াইয়ে রয়েছেন গত মরশুমে দুর্দান্ত পারফর্ম করা ওসুমানে ডেম্বেলে, কোল পালমাররা।
মহিলাদের তালিকায় রয়েছেন সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ইংল্যান্ডের পাঁচ জন ফুটবলারকে।
৩০ জন ফুটবলারের সঙ্গে পাঁচটি ক্লাবকেও রাখা হয়েছে পুরষ্কারের তালিকায়। তারা হল বার্সেলোনা, বোটাফোগো, চেলসি, লিভারপুল আর পিএসজি।







