মুম্বইয়ে ব্রাত্য হয়ে গিয়েছিলেন তিনি। নিজেরই উশৃঙ্খলায়। প্রতিভায় মরচে পড়ে গিয়েছিল পরিশ্রমের অভাবে। তাই মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে যাওয়া, ক্রিকেট জীবনে আসা অধঃপতন থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে।
মঙ্গলবার, চেন্নাইয়ে বুচিবাবু ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে ১৪১ বলে ১১১ রানের ইনিংস কি সেই ইঙ্গিত দিল? পিচ কঠিন ছিল। মহারাষ্ট্র ১৫ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকছিল। পৃথ্বী আর সিদ্ধার্থ মাত্রের লড়াইয়ে মহারাষ্ট্রের ইনিংস ভদ্রস্থ অবস্থায় শেষ হয়।
তারপরই ২৫ বছর বয়সী ক্রিকেটারের ঘোষণা, ‘কারও সহানুভূতির প্রয়োজন নেই।’ চেহারা দেখেও মনে হল, ফিটনেস নিয়ে যথেষ্ট খাটছেন।সোশ্যাল সাইটে লিখেছেন, “আমি কারও সহানুভূতি চাই না। আবার শূন্য থেকে শুরু করতে আমার কোনও আপত্তি নেই। আমি অনেক উত্থানপতন দেখেছি। আমি বিশ্বাস করি, জীবনে সব কিছুই সম্ভব। আমি নিজে আত্মবিশ্বাসী। সেই বিশ্বাসটা বজায় রাখতে চাই। আশা করি, এই মরশুমটা আমার ও দলের জন্য ভালো যাবে। আমি বিরাট কিছু বদল করছি না। গোড়ার বিষয়গুলো নিয়েই পরিশ্রম করছি। যেরকম করে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলাম। পরিশ্রম করছি, জিমে খাটছি, দৌড়চ্ছি। ১২ বছর বয়স থেকে এটাই করে চলেছি। সোশাল মিডিয়া থেকেও দূরত্ব বজায় রাখছি।”







