আসন্ন কাফা নেশনস কাপের জন্য ২৩ জনের ভারতীয় দল ঘোষণা হল। ২৯ আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে এই টুর্নামেন্টে অভিযান শুরু করবে ভারত। প্রথমবার জাতীয় কোচ হয়ে ব্লু টাইগারদের ডাগ-আউটে বসবেন খালিদ জামিল।
তার আগে তিনি যে ২৩ সদস্যের দল ঘোষণা করলেন, তাতে কোনও বাঙালি ফুটবলার নেই। প্রাথমিক স্কোয়াডে একমাত্র বাঙালি হিসাবে ছিলেন রহিম আলি ছিলেন। তিনিও বাদ পড়েছেন।
দলে ডাক পাওয়া তিনজন গোলরক্ষকের মধ্যে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং এবং হৃতিক তিওয়ারি। দলে জায়গা পেয়েছেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলি। দলে ফিরেছেন সন্দেশ ঝিংগান। ডিফেন্ডার হিসাবে রয়েছেন রাহুল ভেকে, নওরেম রোশন সিং, ভালপুইয়া, মহম্মদ উভাইস। ফরওয়ার্ড হিসাবে দলে ফিরেছেন যেখানে জিথিন এমএস, ইরফান ইদওয়াদের মতো খেলোয়াড়রাও।
দীর্ঘদিন পর ভারতীয় দলে মোহনবাগানের কোনও ফুটবলারকে দেখা যাবে না। এসিএল-২-এ খেলার জন্য জাতীয় শিবিরে কোনও ফুটবলারকে ছাড়েনি সবুজ-মেরুন। প্রাথমিক শিবিরে যে সাত মোহনবাগান ফুটবলার ডাক পেয়েছিলেন, তাঁরা হলেন – অনিরুধ থাপা, দীপক টাংরি, রালতে, মনবীর সিং, সাহল আবদুল সামাদ এবং বিশাল কাইথ।
উজবেকিস্তান এবং তাজিকিস্তান যৌথভাবে ২০২৫ সালের কাফা নেশনস কাপের আয়োজন করছে। তাজিকিস্তান ম্যাচের পর ১ সেপ্টেম্বর ইরান এবং ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। দু’টি গ্রুপের প্রথম দু’টি দল প্লে-অফে যাবে। ইরান গতবারের চ্যাম্পিয়ন দল। যাদের বর্তমান র্যাঙ্কিং ২০। তাজিকিস্তানের র্যাঙ্কিং ১০৬। অন্যদিকে আফগানিস্তান (১৬১) র্যাঙ্কিংয়ে ভারতের (১৩৩) থেকে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে আফগানদের কাছেও হারতে হয়েছে। ফলে কাফা নেশনস কাপে শক্ত গ্রুপেই রয়েছে ভারত। অন্য গ্রুপে রয়েছে উজবেকিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, ওমান।







