সম্ভবত তিন দশক পর কলকাতা প্রিমিয়ার ডিভিডশন লিগের সম্প্রচার হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায়। বৃহস্পতিবার শুরু হওয়া কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার-সিক্স’ বা চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচে ২০ জনের প্রোডাকশন দলের নেতৃত্বে ‘বিগ-লেন্স’ বক্স-লেন্স’ ক্যামেরার মত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হল।

৯০-এর শেষের দিকে কলকাতা প্রিমিয়ার লিগ এবং আইএফএ শিল্ডের ম্যাচ লাইভ-স্ট্রিমিং করার সময়ও এরকম আধুনিক প্রযুক্তির ব্যবহার করেছিল আইএফএ-র সেই সময়ের কমার্শিয়াল পার্টনার ইএসপিএন।
এই বিষয়ে শ্রাচী স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি বললেন, “কলকাতা এবং বাংলার ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে আমার মনে হয়েছে কলকাতা প্রিমিয়ার লিগের সম্প্রচারের মানকে এমন একটা পর্যায়ে উন্নত করতে হবে যাতে দর্শকদের মনে হয় তারা আইএসএল দেখছে। ‘সুপার-সিক্সের’ ম্যাচ আমাদের অ্যাপ এসএসইএনের মাধ্যমে যারা দেখলেন আজ তাদেরও এই অনুভূতিটাই হবে বলে আমার আশা। এর পর আমরা বেঙ্গল প্রিমিয়ার লিগও শুরু করব। সেই লিগের লাইভ-স্ট্রিমিংও অত্যাধুনিক মানেরই হবে।”
আইএফএ সচিব অনির্বাণ দত্তও টোডীর সঙ্গে একমত হয়ে বললেন, “বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখে আমার মনে হল ভারতের টপ-টায়ার লিগের সম্প্রচারের সঙ্গে কলকাতা লিগের সম্প্রচারকে অনায়াসে তুলনা করা যায়।”







