গোয়া ফুটবল অ্যাসোশিয়েশনকে (জিএফএ) এই মরশুমের সুপার কাপ আয়োজন করার চিঠি দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। শুক্রবার জিএফএ অফিস বন্ধ হওয়ার মিনিট দশেক আগে এই চিঠি পেয়েছে জিএফএ। যে কারণে ফেডারেশনকে কোনও উত্তর দেওয়া সম্ভব হয়নি জিএফএ-র।
শনিবার এগজিকিউটিভ কমিটির মিটিং ডেকেছেন জিএফএ-র সচিব আলডেয়ার ডি ক্রুজ। তারপর তারা চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেডারেশনকে জানিয়ে দেবে।
১৬ দলের সুপার কাপে খেলবে ১৩টা আইএসএল দল আর ৩টে আই লিগ দল। ফেডারেশনের চিঠিতে বলা হয়েছে ফতোর্দা, নেহরু স্টেডিয়াম, জিএমসি এবং বাম্বোলিম স্টেডিয়াম সুপার কাপের জন্য প্রস্তুত করতে। একইসঙ্গে ১৬টি দলের লজিস্টিক্সেরও ব্যবস্থা করার কথা বলা হয়েছে চিঠিতে। ২৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা সুপার কাপ। জিএফএ-র হাতে সময় থাকছে দেড় মাস।
জিএফএ-র এক কর্তা শুক্রবার জানালেন, প্রত্যেকটি মাঠই তৈরি আছে। কিন্তু গোয়ায় ইতিমধ্যে ফুটবল মরশুম হয়ে গিয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে গোয়া প্রো-লিগ। শনিবারের বৈঠকে সেই হিসেবে বসবেন জিএফএ-র কর্তারা যে সুপার কাপের সময় যেন ঘরোয়া লিগের ম্যাচের সূচি না থাকে।







