ঘোষণা হওয়াটা শুধু এখন সময়ের অপেক্ষা। সিএবির(CAB) সভাপতি পদে ফের বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। কার্যত তালিকা প্রস্তুত। আগামী রবিবার নিয়ম মাফিক জমা পড়বে প্যানেল। সূত্রের খবর সভাপতি সহ অন্যান্য কোনও পদেই বিরোধি শিবির তরফে কোনওরকম মনোনয়ন পড়ছে না। আগামী ২২ সেপ্টেম্বরই নতুন সভাপতি হিসাবে নাম ঘোষণা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)। একইসঙ্গে সচিব হিসাবে বসবেন বাবলু কোলে, কোষাধ্যক্ষ হচ্ছেন সঞ্জয় দাস এবং সহ সভাপতি হবেন অনু দত্ত।
এই প্যানেলে শুধু বাবলু কোলের(Bablu Koley) নাম নিয়েই খানিকটা অসন্তোষ ছিল। অনেকেই নাকি প্রশ্ন তুলছিলেন তাঁর সচিব পদে মনোনয়ন ঘিরে। তবে সেই অসন্তোষ শেষপর্যন্ত আর টেকেনি। সূত্রের খবর সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা ভেবেই নাকি শেষপর্যন্ত এই প্যানেলকে সম্মতি দিচ্ছেন সকলে। অসন্তোষ থাকলেও শেষপর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সচিব পদে বসবেন বাবলু কোলে।
স্পোর্টস বিল এলেও তা এখনও পর্যন্ত আইন হিসাবে হয়নি। সেই কারণে এবারও সিএবির নির্বাচন লোঢা কমিটির নির্দেশিকা মেনেই হচ্ছে। তবে স্পোর্টস বিল আইন আকারে আসার পর এই চিত্রটা বদলাতেও পারে। সেক্ষেত্রে নতুনভাবে যদি ফের পরবর্তী মরসুমে নির্বাচন হয়, সেখানে একটা দুটো পদে নতুন নাম দেখা গেলেও যেতে পারে।
তবে আপাতত লোঢা নির্দেশিকা মেনেই সবকিছু হচ্ছে। এছাড়াও শোনা যাচ্ছে স্পোর্টস বিল অনুযায়ী পরবর্তীতে যদি নির্বাচন হয়, সেই সময় নাকি কয়েকটি নতুন পদও তৈরি হতে পারে। আপাতত ১৪ সেপ্টেম্বর মনোনয়ন জমা দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতি হিসাবে এবার দ্বিতীয় ইনিংস শুরু করার পথে তিনি।







