শুক্রবার ডার্বির(Kolkata Derby) মহারণ। তার আগে শুটিং এবং সেটপিসের ওপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন হোসে মোলিনা(Jose Molina)। ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে থেকে নামছে মোহনবাগান(MBSG)। মরণ বাঁচন ম্যাচে জয় ছাড়া কোনও বিকল্প নেই। সেই কারণেই চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে যাতে কোনওরকম ভুলের অবকাশ নেই। ম্যাচের আগের দিনের প্রস্তুতিতে সেই দিকেই বাড়তি নজর দিলেন হোসে মোলিনা(Jose Molina)। বিশেষ করে আক্রমণ ভাগের ফুটবলারদের শুটিংয়ের ওপরই দিলেন বাড়তি নজর।
কারণ শেষ দুটো ম্যাচেই বারবার সুযোগ নষ্ট করতে দেখা গিয়েছে সবুজ-মেরুন(MBSG) ফুটবলারদের। গতম্যাচের ভুল এই ম্যাচে না হয় সেদিকেই বাড়তি নজর দিচ্ছিলেন হোসে মোলিনা(Jose Molina)। একইরকমভাবে সেটপিস পেলেও, এখনও পর্যন্ত সেগুলোকে একটাও গোলে কনভার্ট করতে পারেননি মনবীর(Manvir Singh), সাহালরা(Sahal Abdul Samad)। শেষ ম্যাচে সেই ছবি বারবার দেখা গিয়েছে। কোচ মোলিনা কিন্তু এই দিকটা নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত। তাই তো ম্যাচের আগের দিন মোলিনার ফোকাস শুধুই শুটিং এবং সেটপিসের দিকে।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম একাদশ যে বাছা হয়ে গিয়েছে তা বেশ স্পষ্ট। গত ম্যাচে জেমি ম্যাকলরেনকে(Jamie Maclaren) প্রথম থেকে খেলাননি তিনি। রবসন(Robson Robinho), দিমি(Dimitri Petratos) এবং কামিন্সের(Jason Cummins) ওপরই বেশি ভরসা করেছিলেন তিনি। কিন্তু এই ছকে সাফল্য আসেনি। এদিন যে প্রথম একাদশে বেশ কিছু বদল আসতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। শুরু থেকে কামিন্স এবং ম্যাকলরেন শুরু করলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
সেইসঙ্গে রক্ষণে অলড্রেড এবং অ্যালবার্তো রডরিগেজকে শুরু থেকেই রক্ষণের দায়িত্বে দেখা যেতেই পারে। সেইসঙ্গে শুভাশিস, মেহতাব সিংরা তো রয়েছেনই। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে সাহাল ও লিস্টনের ওপর দায়িত্ব খানিকটা হলেও বেশি থাকবে তা বলাই যায়। শিল্ডের পর সুপার কাপের ডার্বির রংও সবুজ মেরুন হয় কিনা সেটাই দেখার।







