প্রথমবার বিশ্বকাপ জেতার পুরষ্কার। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমাইমা রদরিগেজদের সামনে এবার কোটি টাকার বিজ্ঞাপনের চাহিদা। সূত্রের খবর, এদের মধ্যে কোনও ক্রিকেটারের বিজ্ঞাপনের পারিশ্রমিক ১০০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।
বিশেষত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১২৭ রানের দুরন্ত ইনিংস খেলার পর জেমাইমা রদরিগেজের কাছে কর্পোরেটদের প্রস্তাব অনেক বেড়ে গিয়েছে বলে বিসিসিআই সূত্রের খবর।
জানা গিয়েছে বিজ্ঞাপনের জন্য আগে জেমি যা পারিশ্রমিক পেতেন তার দ্বিগুণ পারিশ্রমিক অফার করা হচ্ছে। একটা এনডোর্সমেন্টের জন্য জেমাইমা ৭৫ লক্ষ থেকে দেড় কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেওয়ার প্রস্তাবও পেয়েছেন জেমাইমা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ১০ থেকে ১২টি ব্র্যান্ডের সঙ্গে আলোচনা করছেন জেমাইমার ম্যানেজাররা।
বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক স্মৃতি মন্ধানা বর্তমানে ১৬টি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন। বিজ্ঞাপন পিছু ৬৫ থেকে ৭০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন স্মৃতি। সেটা অন্তত ৫০ শতাংশ বাড়তে চলেছে। একইভাবে বাড়তে পারে হরমনের ব্র্যান্ড ভ্যালুও। ইতিমধ্যেই নতুন একটি বিজ্ঞাপনের চুক্তি সই করে ফেলেছেন ভারত অধিনায়ক। ভারতীয় দলের তরুণ তুর্কি শেফালি ভার্মা, রিচা ঘোষ, দীপ্তি শর্মারাও নতুন বিজ্ঞাপন পাবেন এবং আগের তুলনায় বেশি পারিশ্রমিক পাবেন বলেই মত ওয়াকিবহাল মহলের। কয়েকমাস পরেই মহিলাদের আইপিএল শুরু হবে। তার আগেই চুক্তি সেরে ফেলে বিজ্ঞাপন বানিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে ব্র্যান্ডগুলির।
বিশ্বকাপ চলাকালীনই ইনস্টামার্ট, পিউমা, ব্লিঙ্কিটের মতো বিখ্যাত ব্র্যান্ডগুলিও নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মহিলা ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের কথা বলছে। সেকথা মাথায় রেখেই মহিলা ক্রিকেটারদের দিয়ে বিজ্ঞাপন করাতে চাইছে এই ব্র্যান্ডগুলি। দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনে যেভাবে মহিলাদের তুলে ধরা হয়েছে, সেই প্রথাও ভেঙে দেওয়া হতে পারে স্মৃতি-জেমাইমাদের বিজ্ঞাপনে।







