বুধবার ছিল আমেরিকার বিজনেস সামিটের অষ্টম দিন। আগে সামিটে ভাষণ দিয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নোবেল শান্তি পুরষ্কার পাওয়া মারিয়া করিনা মাচাদো। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তবু সামিটের অষ্টম দিনে ভিড় উপচে পড়ল। কারণ বক্তা সেই লিওনেল মেসি (Lionel Messi)। ইন্টার মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ বসেছিলেন মেসির সাক্ষাৎকার নিতে।
বয়স ৩৮ হলে হবে কি? এখনও তো তিনি সোনার বল পাচ্ছেন মেজর লিগ সকারে এই মরশুমে সর্বোচ্চ গোলদাতা ২৯ গোল করে। তাই মেয়র যখন তাকে বললেন, সময় কি আসেনি ফুটবলজীবনে নিজের অসংখ্য কীর্তির মূল্যায়নে বসার, মেসির জবাব ছিল, “এখনও আমি খেলছি। ২০২৮ পর্যন্ত আমার চুক্তি ইন্টার মায়ামির সঙ্গে। তাই এখনও বলার সময় আসেনি। তবে হ্যাঁ, অবশ্যই বসব মূল্যায়নে। কী কী করেছি ফুটবলজীবনে তার একটা খাতা তো তৈরি হবেই। জানাবোও। কিন্তু এখন ভাবছিই না। মায়ামিতে এসে ক্লাব, সাপোর্ট স্টাফ এবং সমর্থকদের কাছ থেকে যে ভালবাসা পাচ্ছি সেটা অতুলনীয়। তাই মায়ামির হয়ে আরও ভাল খেলাই আমার লক্ষ্য।”
কিন্তু একইসঙ্গে মেসি স্বীকার করেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মন ফুটবলের পাশাপাশি একটু একটু করে ভবিষ্যতের ভাবনাও ভাবতে শুরু করছে! জানিয়েছেন, একাধিক ব্যবসার কথা তার মনে উঁকি দিচ্ছে। “একটি দিন আসবে যেদিন মাঠে নেমে ফুটবল আর খেলা যাবে না। তখন অন্য একটা জগৎ তৈরি হবে, আমাকে একজন ছাত্রের মতই নতুন জগৎ সম্পর্কে জানতে হবে,” বলেছেন লিওনেল মেসি।







