আইএসএল(ISL) হওয়া এখন বিশ বাও জলে। বছর শেষ হতে চলল এখনও পর্যন্ত ফেডারেশনে জমা পড়েনি কোনওরকম বিড। তারা সুপ্রিম কোর্টের কাছে ফের একবার দ্বারস্থ হচ্ছে। ভারতীয় ফুটবলের(Indian Football) অনিশ্চয়তায় ঘোর সমস্যায় পড়েছেন ভারতীয় ফুটবলাররা। সেই জন্যই এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যে আইএসএল(ISL) আয়োজকদের কাছে এক বিশেষ আবেদন ভরতীয় ফুটবলারদের(Indian Footballers)। তাদের কথার অর্থ একটাই। পায়ের ফুটবলটা যাতে তাদের পা থেকে সরিয়ে না নেওয়া হয়।
এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে অবস্থা, তাতে সুপার কাপ(Super Cup) শেষ হওয়ার পর ভারতীয় ফুটবলে আর বল গড়াবে কিনা তা নিয়ে কেউই কিছু বলতে পারছে না। কারণ দেশের শীর্ষ লিগ ঘিরেই দেখা গিয়েছে ঘোর অনিশ্চয়তা। আদৌ আইএসএল ভোরের আলো দেখবে কিনা তা নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যে রয়েছে সকলে। এরইমাঝে এবার ময়দানে নামলেন ফুটবলাররা। সুনীল ছেত্রী(Sunil Chetri) থেকে গুরপ্রীত সিং সান্ধু(Gurpreet Singh Sandhu), শুভাশিস বোস(Shubhasis Bose), সাহাল আব্দুল সামাদরা ফেডরেশনের কাছে এক কাতর আবেদন রেখেছেন।
সেই আবেদনের একটাই অর্থ তারা ফুটবলটা খেলতে চায়। যেমন ভাবেই হোক তাদের পায়ে ফুটবলটা ফিরিয়ে দেওয়া হোক। তারা যে বিবৃতিতে লিখেছেন, আমাদের রাগ, হতাশা সমস্ত কিছুই এখন পরিবর্তিত হয়ে গিয়েছে মরিয়া ভাবে। যে খেলা আমরা খেলতে বাসি তার প্রতি মরিয়া, সেইসঙ্গে যাদের জন্য সমস্ত কিছু সেই সমর্থকদের সামনে খেলা।
যারা এই খেলা আয়োজন করেন তাদের কাছেই আমাদের সবচেয়ে বেশি আবেদন। যেমন করেই হোক এই মরসুমে খেলাটা মাঠে আপনারা ব্যবস্থা করুন। ভারত এই প্রতিযোগিতা এখন যেকোনও কিছুর থেকে বেশি করে চাইছে।
আইএসএলের অনিশ্চয়তার মাঝে যে ফুটবলাররাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ তাদের পা থেকে যে বলটাই চলে যেতে চলেছে। ফুটবলারদের কাতর আবেদনেও শেষপর্যন্ত বরফ গলে কিনা সেটাই দেখার।







