কলকাতা, মুম্বই, চেন্নাইয়ের পাশাপাশি এবার হায়দরাবাদেও দেখা যাবে মেসি(Lionel Messi) ম্যাজিক। কয়েকদিন আগেই খবরটা জানা গিয়েছিল। এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর হাতে লিওনেল মেসির(Lionel Messi) ছবি সহ পোস্টার তুলে দিলেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত(Shatadru Dutta)। ১৩ ডিসেম্বর কলকাতার পরই হায়দরাবাদের মাটিতে দেখা যাবে লিওনেল মেসিকে। সেইসঙ্গে তাঁকে ঘিরে রয়েছে বহু পরিল্পনাও। মেসিকে ঘিরে তেলেঙ্গানার স্টেডিয়ামেও বসতে চলেছে চাঁদের হাট।
লিওনেল মেসির(Lionel Messi) আসার কথা শোনার পর থেকেই উচ্ছ্বসিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। অবশেষে শতদ্রু দত্তের হাত ধরে তাঁর রাজ্যেও পা পড়তে চলেছে এলএম টেনের। স্বভাবতই যে মেসিকে নিয়ে উচ্ছ্বসিত তেলেঙ্গানার মেসি ভক্ত মুখ্যমন্ত্রী, তা বেশ স্পষ্ট। একইসঙ্গে মেসিকে নিয়ে যে তেলেঙ্গানা সরকারের নানান ভাবনা রয়েছে সেই কথাও আমাদের জানালেন উদ্যোক্তা শতদ্রু দত্ত(Shatadru Dutta)।
তিনি জানান, মেসি তাদের রাজ্যে যাওয়ার জন্য উচ্ছ্বসিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। উনি খুব বড় মেসি ভক্ত এবং নিজেও ফুটবল খেলতে ভালোবাসেন। তাদের গোটা রাজ্য এই ব্যপারে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেইসঙ্গে বিভিন্ন কর্পোরেটদেরও আহ্বান করা হয়েছে। বাচ্চাদের একটা ট্রেনিংয়ের পরিকল্পনা রয়েছে, যা মেসিকে দিয়ে উদ্বোধনের ভাবনাও রয়েছে।
এছাড়াও ২০৪৭ সালের কথা মাথায় রেখে আন্তর্জাতিক স্তরে ফুটবলার তৈরি করার কথা এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছে তেলেঙ্গানা। সেইজন্য একটা পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক মানের ফুটবলার তুলে আনার এই ভাবনায় মেসিকেও সামিল করার পরিকল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। কার্যত মেসিকে ঘিরে এই মুহূর্তে গোটা দেশ যে অপেক্ষার প্রহর গুনছে।







