ঘর গোছাতে শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। প্রধান কোচ হিসাবে অভিষেক নায়ারের(Abhishek Nayar) নাম ঘোষণা করার কয়েকদিনের মধ্যেই সহকারী কোচের নামও ঘোষণা করে দিল শাহরুখের নাইট রাইডার্স(KKR) শিবির। তারকা প্রাক্তন অজি ক্রিকেটার শেন ওয়াটসনই(Shane Watson) এবার কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ। নাইট শিবিরের সঙ্গে যুক্ত হতে পেরে আপ্লুত ওয়াটসনও(Shane Watson)। নাইটদের হাতে নতুন করে ট্রফি দেখতে চান তিনিও।
আইপিএলের(IPL) মঞ্চে বরাবরই সাফল্যের সঙ্গে ব্যাটিং করেছেন শেন ওয়াটসন(Shane Watson)। আইপিএলের প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে বিধ্বস্ত হয়েছিল প্রতিটা দলের বোলাররা। ২০০৮ সালের আইপিএলের(IPL) সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি। এছাড়া চেন্নাই সুপার কিংসের হয়েও জিতেছেল আইপিএল। ফাইনালের মঞ্চে ওয়াটসনের(Shane Watson) দুর্ধর্ষ সেঞ্চুরিটা আজও সকলের স্মৃতিতে টাটকা।
এবার সেই শেন ওয়াটসনকেই(Shane Watson) দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের(KKR) ডাগ আউটে। সহকারী কোচ হিসাবে অভিষেক নায়ারের সঙ্গে নাইটদের তৈরি করার কাজটা শুরু করবেন তিনিও। নাইট শিবিরে এসে উচ্ছ্বসিত শেন ওয়াটসন।
তিনি জানিয়েছেন, “কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক একটা ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারাটা সত্যিই একটা বড় ব্যাপার। সাফল্যের পথে এগোতে নাইট রাইডার্সের দলের প্রচেষ্টা এবং তাদের সমর্থকরা সবসময়ই আমাকে অনুপ্রানিত করে। কোচিং স্টাফ থেকে ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি। সেইসঙ্গে তাদের ট্রফি পাওয়ার পথে এগিয়ে যেতেও সাহায্য করার প্রচেষ্টা করে যাব”।
গত মরসুমে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। সেই কথা মাথায় রেখে এবার প্রথম থেকেই দল গোছাতে শুরু করেছে নাইট ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে নাইট রাইডার্স। সেইসঙ্গে দলের কোচিং স্টাফ গড়ার কাজটাও চালিয়ে যাচ্ছে তারা।
চন্দ্রকান্ত পণ্ডিতের বিদায়ের পরই অভিষেক নায়ারকে দলের প্রধান কোচ করার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। তার এক সপ্তাহের মধ্যেই আরও এক এক হেভিওয়েট কোচ নাইট শিবিরে। শেষপর্যন্ত নাইট শিবির সাফল্যের পথে হাঁটতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।







