আইএসএল(ISL) কী হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। তার মধ্যেই অবশ্য ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রস্তুতিতে নেমে পড়লেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। শুক্রবার শহরে পৌঁছেই কোনওরকম সময় নষ্ট নয়, দলকে নিয়ে নেমে পড়লেন প্রস্তুতিতে। সেইসঙ্গে আইএসএল নিয়েও যে তিনি বেশ উদ্বিগ্ন তাও কিন্তু বুঝিয়ে দিলেন অস্কার। সুপার কাপ শেষ হওয়ার আগে আইএসএল নিয়ে সমস্যা মিটে যাওয়া ব্যপারে অবশ্য আশাবাদী অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)।
এই মুহূর্তে অবশ্য সুপার কাপ(Super Cup) চ্যাম্পিয়ন হওয়াই পাখির চোখ ইস্টবেঙ্গল কোচের। কারণ এই প্রতিযোগিতা জিততে পারলেই তো এএফসি খেলার ছাড়পত্র পেয়ে যাবে তারা। যদিও ২৭ ম্যাচের ক্রাইটেরিয়া পূর্ণ না করতে পারলে, সেই সুযোগ হাতছাড়া হয়েই যাবে। সেইজন্যই তো যতটা দ্রুত সম্ভব আইএসএল নিয়ে জট কাটার আশায় রয়েছেন অস্কার(Oscar Bruzon)।
প্রথম দিন প্রস্তুতিতে নেমেই অস্কার(Oscar Bruzon) বলেন, “এই মুহূর্তে আমাদের পাখির চোখ হল সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া। সেটা চ্যাম্পিয়ন হতে পারলে তবে এএফসির স্লট পাব। একইসঙ্গে আমি মনে করছি সুপার কাপের ফাইনাল শেষ হওয়ার আগে হয়ত আইএসএল নিয়ে সমস্যা মিটে যাবে”।
এই মুহূর্তে হাল্কা প্রস্তুতিই সারছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। আগামী সোমবার থেকে জোরকদমে শুরু হয়ে যাবে সুপার কাপের প্রস্তুতি। সেই সপ্তাহেই হয়ত লাল-হলুদ ব্রিগেডে আবার যোগ দিতে চলেছেন প্রভসুখন গিলও(Prabhsukhan Gill)। টাইফয়েডের জন্য এখনও পর্যন্ত নিজের বাড়িতেই রয়েছেন প্রভসুখন গিল। তবে এখন নাকি তিনি অনেকটাই সুস্থ। সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই কলকাতায় ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিতে চলেছেন প্রভসুখন গিল।
অন্যদিকে সেমিফাইনালে ইস্টবেঙ্গলের সামনে পঞ্জাব এফসি। এখন থেকেই ছক কষতে শুরু করে দিয়েছেন অস্কার ব্রুজোঁ। এই রবিবার প্রস্তুতিতে ছুটি দিলেও, সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে জোরকদমে প্রস্তুতি। শোনাযাচ্ছে কয়েকটি প্রস্তুতি ম্যাচও নাকি খেলার পরিকল্পনা রয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্টের। এখন দেখার এতদিন বিরতির পর সেমিফাইনালেও ইস্টবেঙ্গল তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা।







