আইএসএল শুরুর আগে একের পর এক ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। চোট আঘাতে কার্যত জেরবার লাল-হলুদ শিবির। নাওরেম মহেশ আগেই ছিটকে গিয়েছেন। এবার আইএসএলের প্রথম ম্যাচে নেই কেভিন সিবিলেও(Kevin Sibille)। আর এটা যে অস্কার ব্রুজোঁকে(Oscar Bruzon) বেশ চাপে ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র একটি ম্যাচই নয়, শোনাযাচ্ছে কেভিন(Kevin Sibille) নাকি তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন।
বেশ কয়েকদিন আগেই প্রস্ততিতে পায়ে চোট পেয়েছিলেন কেভিন সিবিলে। এরপর থেকেই আর ইস্টবেঙ্গলের হয়ে প্রস্তুতি সারতে পারছেন না কেভিন। মাঠে এলেও বেশিরভাগ সময় সাইডলাইনেই কাটাচ্ছেন ইস্টবেঙ্গলের এই আর্জেন্তাইন তারকা। এই মুহূর্তে মেডিক্যাল টিমের তত্ত্বাবধানেই রয়েছেন কেভিন সিবিলে। তিনি মাঠে আসলেও, এখনও পর্যন্ত রিহ্যাবও শুরু করেননি। আর তাতেই কেভিন সিবিলের খেলা ঘিরে ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি।
ইতিমধ্যেই আইএসএলের প্রথম কয়েকটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন নাওরেম মহেশ। শুধুমাত্র তিনিই নন, প্রথম ম্যাচে কার্যত নেই মহম্মদ রাকিপও। আইএসএলে যাত্রা শুরুর আগেই দলের সেরা তিন ফুটবলারকে পাবে না ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজোঁর চাপ যে ক্রমশই বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।
বৃহস্পতিবার অবশ্য ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে বিশ্রাম ছিল। শুক্রবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়বে লাল-হলুদ ব্রিগেড।







