রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India Team)। যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৩ বছর আগে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। সেই স্টেডিয়ামেই ভারতের সামনে ফের একটা বিশ্বকাপ জয়ের হাতছানি। তার আগে সবকিছু ঠিকঠাক থাকলেও, দলের বোলিং নিয়েই যে ভারতীয় শিবির বেশ চিন্তায় তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বরুণ নাকি কুলদীপ যাদব তা নিয়েই চলছে হিসাব নিকাশ। এখনও পর্যন্ত বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেননি বরুণ চক্রবর্তী(Varun Chakrabarthy)। সেই জায়গায় সকলেই কুলদীপ যাদবকে(Kuldeep Yadav) খেলানোর পারমর্শ দিচ্ছেন। যদিও গৌতম গম্ভীর(Gautam Gambhir) খুব একটা উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নন।
তবে ভারতীয় দলের ব্যাটিং কিন্তু বেশ আত্মবিশ্বাস যোগাচ্ছে সকলকে। একইসঙ্গে সঞ্জু স্যামসন, ঈশান কিষাণদের ছন্দে থাকাটা যে ভারতের কাছে একটা অ্যাডভান্টেজ তা বলাই যায়। অন্যদিকে নিউ জিল্যান্ডের বোলিং লাইনআপ এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী লাইনআপ। সেই কারণেই বেশ সতর্কও টিম ইন্ডিয়া।
শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচও যে বেশ খানিকটা ব্যাটিং ফ্রেন্ডলি হচ্ছে তার অনুমান আগে থেকেই পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে শিশির সমস্যা রয়েছে। তার ফলে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের লক্ষ্যেই রয়েছে ভারতীয় দল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







